প্রিন্ট এর তারিখ : ২৭ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০২৬
টিকটকে ধর্ম অবমাননাকর ভিডিও পোস্টের অভিযোগ: বগুড়া থেকে গ্রেফতার পীরগঞ্জের সৌরভ
মোঃ বেলাল হোসেন , মিঠাপুকুর ||
রংপুরের পীরগঞ্জে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে পবিত্র কোরআন শরিফ ও ইসলাম ধর্ম অবমাননাকর ভিডিও পোস্টের অভিযোগে সৌরভ চন্দ্র মহন্ত (১৯) নামে এক তরুণকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (২৭ অক্টোবর ২০২৬) রাত ৩টা ১০ মিনিটে বগুড়া জেলার শিবগঞ্জ থানার কিচক বেলাই গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতার সৌরভ চন্দ্র মহন্ত রংপুরের পীরগঞ্জ উপজেলার চককরিম কাশিমপুর গ্রামের বিশু মহন্তের ছেলে। তার মায়ের নাম তরু বালা রানী।পুলিশ সূত্রে জানা গেছে, রংপুরের পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হকের নির্দেশনায় জেলা গোয়েন্দা পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। সৌরভের ব্যক্তিগত টিকটক অ্যাকাউন্ট থেকে ইসলাম ধর্ম ও পবিত্র কোরআন অবমাননাকর একটি আপত্তিকর ভিডিও পোস্ট করা হয় বলে অভিযোগ রয়েছে। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন ও নেটিজেনদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।পুলিশের ভাষ্য অনুযায়ী, প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও তদন্তে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট, এলাকায় উত্তেজনা সৃষ্টি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর গ্রেফতার এড়াতে তিনি আত্মগোপনে ছিলেন বলেও জানিয়েছে পুলিশ।এ ঘটনায় পীরগঞ্জ থানায় দণ্ডবিধি, ১৮৬০-এর ১৫৩, ১৫৩এ, ২৯৫এ ও ২৯৮ ধারায় মামলা করা হয়েছে। মামলার নম্বর ৩০, তারিখ ২৭ অক্টোবর ২০২৬।পুলিশ জানায়, গ্রেফতার আসামিকে আদালতে পাঠানো হয়েছে। এলাকার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশি নজরদারি জোরদার করা হয়েছে।
প্রকাশক: শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক: কাইয়ুম তালুকদার
উপদেষ্টা সম্পাদক: ড. জাহিদ আহমেদ চৌধুরী
জহুরুল ইসলাম সিটি সোসাইটি, হাউস-২, রোড-৬, ব্লক-কে, আফতাবনগর, ঢাকা ১২১২।
কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা