প্রিন্ট এর তারিখ : ২৪ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ অক্টোবর ২০২৬
গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের গাড়ি ভাঙচুর, মারধর
নূর আলম শেখ, গোপালগঞ্জ ||
গোপালগঞ্জ সদর উপজেলায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের গাড়ি ভাঙচুর এবং দুই পুলিশ সদস্যকে মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনার ভিডিও সংগঠনটির নেতাকর্মীরা নিজেদের ফেসবুক আইডিতে শেয়ার করেছেন বলে জানা গেছে।শনিবার (২৪ অক্টোবর) দুপুরে সদর উপজেলার রঘুনাথপুর খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে।সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, রঘুনাথপুর চরপাড়া সড়ক থেকে লাঠিসোঁটা হাতে মিছিল নিয়ে খেয়াঘাট এলাকায় পৌঁছান মিছিলকারীরা। এ সময় সেখানে টহলরত পুলিশের একটি গাড়িতে ভাঙচুর চালানো হয়। একই সঙ্গে সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. ফুলমিয়া ও এক কনস্টেবলকে মারধর করা হয়।ঘটনার খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে যান। এ ঘটনার পর থেকে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা মিছিল থেকে অতর্কিত হামলা চালিয়ে পুলিশের গাড়ি ভাঙচুর এবং দুই পুলিশ সদস্যকে মারধর করেছেন। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।
প্রকাশক: শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক: কাইয়ুম তালুকদার
উপদেষ্টা সম্পাদক: ড. জাহিদ আহমেদ চৌধুরী
জহুরুল ইসলাম সিটি সোসাইটি, হাউস-২, রোড-৬, ব্লক-কে, আফতাবনগর, ঢাকা ১২১২।
কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা