প্রিন্ট এর তারিখ : ২৪ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ অক্টোবর ২০২৬
সরকার গণতন্ত্রের পরিবর্তে জবরদখল ও নির্লজ্জভাবে দলীয়করণ শুরু করছে:এমপি ইজ্জত উল্লাহ
ফিরোজ হোসেন , সাতক্ষীরা ||
জনগণের সঙ্গে প্রতারণা করে ক্ষমতায় টিকে থাকা যায় না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য ও সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য মুহা.ইজ্জতুল্লাহ।তিনি বলেছেন, “যারা জনগণের সঙ্গে প্রতারণা করে ক্ষমতায় টিকে থাকতে চায়, তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে একসময় ক্ষমতা থেকেও ছিটকে পড়ে।”শনিবার (২৪ অক্টোবর) সকাল ১১টায় সাতক্ষীরা আল-আমিন ট্রাস্টের কনফারেন্স রুমে জেলা জামায়াতে ইসলামীর বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।সরকার ও রাজনৈতিক দলের মধ্যে পার্থক্য তুলে ধরে ইজ্জতুল্লাহ বলেন, “সরকার এবং রাজনৈতিক দল এক নয়। বিএনপি নেতারা মনে করতে পারেন, সরকার মানেই তাঁদের দল। কিন্তু রাষ্ট্রব্যবস্থায় রাষ্ট্রযন্ত্র ও রাজনৈতিক দল কখনো এক হতে পারে না।”তিনি বলেন, যে রাষ্ট্রে রাজনৈতিক দল ও সরকার একাকার হয়ে যায়, সেখানে গণতন্ত্রের পরিবর্তে কর্তৃত্ববাদ প্রতিষ্ঠিত হয় এবং জবরদখল ও জুলুমের পরিবেশ তৈরি হয়। রাষ্ট্র ও সরকারকে একাকার করে ফেলা হলে বর্তমান সরকার আওয়ামী লীগের চেয়েও করুণ পরিণতির মুখে পড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। এ সময় জনগণের অধিকার রক্ষায় সবাইকে সচেতন থাকার আহ্বান জানান জামায়াতের এই নেতা।ইজ্জতুল্লাহ বলেন, যে আকাঙ্ক্ষা নিয়ে দেশের মানুষ শেখ হাসিনার শাসনের অবসান ঘটিয়ে রাষ্ট্রব্যবস্থায় পরিবর্তন চেয়েছিল, বর্তমান সরকার সেই প্রত্যাশা পূরণ করতে পারছে না। বরং আগের শাসনব্যবস্থার ধারাবাহিকতা দেখা যাচ্ছে বলে মন্তব্য করেন তিনি।তিনি আরও বলেন, নির্বাচনের আগে যারা জন-আকাঙ্ক্ষাকে ধারণ করে জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার কথা বলেছিলেন, ক্ষমতায় গিয়ে তাঁরা জনগণকে ভুলে গেছেন। সরকারি বরাদ্দ ও বিভিন্ন উন্নয়ন কার্যক্রমে দলীয়ভাবে ভাগ-বাঁটোয়ারা এবং লুটপাটের অভিযোগ উঠছে। এতে সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছেন বলে দাবি করেন তিনি।সাতক্ষীরাসহ দেশের বিভিন্ন স্থানে জেলা প্রশাসনসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ে অনির্বাচিত ব্যক্তিদের প্রভাব বিস্তারের সুযোগ দিয়ে জনগণের অধিকার খর্ব করা হচ্ছে বলেও অভিযোগ করেন এই সংসদ সদস্য।তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেলা হলে এবং দলীয় এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা অব্যাহত থাকলে জনগণকে সঙ্গে নিয়ে আবারও সরকারের বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তোলা হবে।সাতক্ষীরা জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুলের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান। এ সময় জেলা জামায়াতের নায়েবে আমির, সহকারী সেক্রেটারি, কর্মপরিষদের সদস্য এবং বিভিন্ন উপজেলা জামায়াতের আমির-সেক্রেটারিসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতারা উপস্থিত ছিলেন।
প্রকাশক: শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক: কাইয়ুম তালুকদার
উপদেষ্টা সম্পাদক: ড. জাহিদ আহমেদ চৌধুরী
জহুরুল ইসলাম সিটি সোসাইটি, হাউস-২, রোড-৬, ব্লক-কে, আফতাবনগর, ঢাকা ১২১২।
কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা