প্রিন্ট এর তারিখ : ২৩ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ অক্টোবর ২০২৬
এনসিপির মিডিয়া সম্পাদক হলেন ইয়াসির আরাফাত
নিউজ ডেস্ক ||
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পুনর্গঠিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটিতে মিডিয়া সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাংবাদিক ইয়াসির আরাফাত। শুক্রবার দুপুরে ১৯৫ সদস্যবিশিষ্ট পুনর্গঠিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির তালিকা বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করে দলটি।ইয়াসির আরাফাত প্রায় নয় বছরের সাংবাদিকতা পেশা ছেড়ে চলতি বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নাগরিক পার্টিতে যোগ দেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগে পড়াশোনা শেষ করে সাংবাদিকতা শুরু করেন তিনি।বিশ্লেষণধর্মী ম্যাগাজিন ‘জবান’-এর অন্যতম প্রতিষ্ঠাতা ইয়াসির আরাফাত। একপর্যায়ে আওয়ামী লীগ সরকারের সময় ম্যাগাজিনটি বন্ধ হয়ে যায়। ২০১৮ সালে তিনি বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভিতে যোগ দেন। পরে ২০২২ সালে দৈনিক সমকালে কাজ শুরু করেন।জুলাই গণঅভ্যুত্থানের পর দেশের সংবাদমাধ্যমের পেশাদারত্ব, সাংবাদিকদের কর্মপরিবেশ ও জীবনমান উন্নয়ন নিয়ে আলোচনা জোরালো হয়। এ প্রেক্ষাপটে মূলধারার অন্তত দুই ডজন সাংবাদিককে নিয়ে তিনি গড়ে তোলেন ‘বাংলাদেশ ফ্রি প্রেস ইনিশিয়েটিভ’। এনসিপিতে যোগ দেওয়ার সময় সাংবাদিকদের এ সংগঠনের আহ্বায়ক পদ থেকে পদত্যাগ করেন তিনি।জুলাই গণঅভ্যুত্থানের সাংস্কৃতিক উপাদান সংরক্ষণেও কাজ করেছেন ইয়াসির আরাফাত। জুলাইয়ের গ্রাফিতি, গান, স্লোগান ও কবিতার সংকলনভিত্তিক আর্কাইভ ‘জুলাই মেমোরিজ’-এর সহ-প্রতিষ্ঠাতা তিনি। সংগঠনটির ওয়েবসাইটে দেশের ১১টি জেলার প্রায় ১০ হাজার গ্রাফিতির ছবি সংরক্ষণ করা হয়েছে।এনসিপিতে যোগ দেওয়ার পর থেকে কেন্দ্রীয় পর্যায়ে গণমাধ্যম-সংশ্লিষ্ট দায়িত্ব পালনের পাশাপাশি নিজ এলাকা কুষ্টিয়ার মিরপুর উপজেলায় দলটির সাংগঠনিক ও রাজনৈতিক কার্যক্রম সম্প্রসারণে কাজ করছেন ইয়াসির আরাফাত।এ ছাড়া আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে এনসিপির প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যেও তিনি কাজ করছেন বলে জানা গেছে।
প্রকাশক: শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক: কাইয়ুম তালুকদার
উপদেষ্টা সম্পাদক: ড. জাহিদ আহমেদ চৌধুরী
জহুরুল ইসলাম সিটি সোসাইটি, হাউস-২, রোড-৬, ব্লক-কে, আফতাবনগর, ঢাকা ১২১২।
কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা