প্রিন্ট এর তারিখ : ১৭ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬
কুড়িগ্রাম সীমান্তে বিশেষ অভিযানে ইস্কাপ-ফেয়ারডিল সিরাপ ও ইয়াবাসহ মাদক জব্দ
অনীল চন্দ্র রায়, কুড়িগ্রাম ||
লালমনিরহাট ও কুড়িগ্রাম সীমান্তে পৃথক চারটি বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় ইস্কাপ ও ফেয়ারডিল সিরাপ, ইয়াবা ও টাপেন্টাডল ট্যাবলেটসহ বিভিন্ন সামগ্রী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ৬ লাখ ৬৪ হাজার ৫০০ টাকা।শনিবার (১৭ অক্টোবর) লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় চলমান ‘অপারেশন নারকোটিকস স্ট্রাইক’-এর অংশ হিসেবে বিশ্বস্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পূর্বপরিকল্পিতভাবে চারটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। ১৬ অক্টোবর রাত সাড়ে ১২টায় লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর এলাকায় বুড়িরহাট বিওপির টহলদল অভিযান চালিয়ে ১০০ বোতল ভারতীয় ইস্কাপ সিরাপ জব্দ করে।একই দিন সকাল ১১টা ৫৫ মিনিটে হাতীবান্ধা উপজেলার আমঝোল এলাকায় বনচৌকি বিওপির অভিযানে ২৫২ বোতল ফেয়ারডিল সিরাপ উদ্ধার করা হয়। দুপুর ১২টা ৫০ মিনিটে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার চওড়াটারী এলাকায় বালারহাট বিওপির টহলদল ১০০ পিস ইয়াবা ট্যাবলেট, ৯৯ পিস টাপেন্টাডল ট্যাবলেট ও ১০ পিস বাইসাইকেলের বিবি সেট জব্দ করে।এ ছাড়া ১৭ অক্টোবর সকাল ৮টায় ফুলবাড়ী উপজেলার কুটি চন্দ্রখানা এলাকায় গংগারহাট বিওপির টহলদল অভিযান চালিয়ে আরও ১ হাজার ৬০৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।বিজিবি জানায়, এসব অভিযানে জব্দ করা মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ৬ লাখ ৬৪ হাজার ৫০০ টাকা। মাদক চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, দেশের সার্বভৌমত্ব ও সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি দৃঢ়প্রতিজ্ঞ। চোরাচালান, মাদকপাচার, অবৈধ অনুপ্রবেশ ও পুশইনের চেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে।তিনি আরও বলেন, দেশের যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও মাদক ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
প্রকাশক: শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক: কাইয়ুম তালুকদার
উপদেষ্টা সম্পাদক: ড. জাহিদ আহমেদ চৌধুরী
জহুরুল ইসলাম সিটি সোসাইটি, হাউস-২, রোড-৬, ব্লক-কে, আফতাবনগর, ঢাকা ১২১২।
কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা