প্রিন্ট এর তারিখ : ১৫ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬
১০ ভরি সোনা দিয়ে বিয়ের অভিযোগের প্রমাণ দিতে নোমানকে ৩ দিনের আলটিমেটাম চাকসু ভিপির
মো. রাব্বি হোসেন, চবি ||
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) ভিপি ইব্রাহীম হোসেন রনির বিয়েতে ১০ ভরি সোনা ব্যবহারের অভিযোগের প্রমাণ দিতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমানকে তিন দিনের সময় বেঁধে দিয়েছেন তিনি। এ সময়ের মধ্যে অভিযোগের পক্ষে প্রমাণ দিতে না পারলে নোমানকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন রনি। অন্যথায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন চাকসু ভিপি।বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি নিয়ে চাকসুর আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব দাবি জানানো হয়।লিখিত বক্তব্যে বলা হয়, সম্প্রতি ছাত্রদলের একটি মিছিলে বক্তব্য দেওয়ার সময় আব্দুল্লাহ আল নোমান দাবি করেন, চাকসুর ভিপি নির্বাচিত হওয়ার পর ইব্রাহীম হোসেন রনি ১০ ভরি সোনা দিয়ে বিয়ের আয়োজন করেছেন। এ বক্তব্যকে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে প্রতিবাদ জানান রনি।বক্তব্যে চাকসু ভিপি বলেন, তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে কোনো তথ্য-প্রমাণ ছাড়াই এমন অভিযোগ তোলা হয়েছে। নোমানকে চ্যালেঞ্জ জানিয়ে তিনি বলেন, তিন দিনের মধ্যে অভিযোগের স্বপক্ষে উপযুক্ত প্রমাণ দিতে পারলে তিনি স্বেচ্ছায় চাকসুর ভিপি পদ থেকে পদত্যাগ করবেন। আর প্রমাণ দিতে ব্যর্থ হলে নোমানকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। অন্যথায় মানহানির অভিযোগে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে প্রচলিত আইন অনুযায়ী তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে।সংবাদ সম্মেলনে শুধু বিয়ের অভিযোগ নয়, আব্দুল্লাহ আল নোমানের বিরুদ্ধে হলের মসজিদ সংস্কারকাজে টেন্ডারবাজি ও হলের আসন দখলকে কেন্দ্র করে প্রভোস্টকে হুমকি দেওয়ার অভিযোগও তোলা হয়।চাকসুর লিখিত বক্তব্যে দাবি করা হয়, গত ৫ অক্টোবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিও ক্লিপে শাহ আমানত হলের মসজিদ সংস্কারকাজ আটকে থাকার পেছনে নোমানের টেন্ডারবাজির বিষয়টি উঠে এসেছে। এ ছাড়া গত ৩১ আগস্ট প্রকাশিত আরেকটি অডিও ক্লিপে অনুসারী এক কর্মীর জন্য অবৈধভাবে হলের আসন দখলের উদ্দেশ্যে সোহরাওয়ার্দী হলের তৎকালীন প্রভোস্ট অধ্যাপক ড. আব্দুল মান্নানকে হুমকি দেওয়ার বিষয়টি উঠে এসেছে বলে দাবি করা হয়।এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে চাকসু। একই সঙ্গে ক্যাম্পাসে ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়।
প্রকাশক: শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক: কাইয়ুম তালুকদার
উপদেষ্টা সম্পাদক: ড. জাহিদ আহমেদ চৌধুরী
জহুরুল ইসলাম সিটি সোসাইটি, হাউস-২, রোড-৬, ব্লক-কে, আফতাবনগর, ঢাকা ১২১২।
কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা