প্রিন্ট এর তারিখ : ১৪ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬
দুর্গাপুরে সোমেশ্বরী নদীতে নৌকাডুবি, মায়ের সামনে তলিয়ে গেলেন ছেলে
মো: নূর আলম , নেত্রকোনা ||
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীতে নৌকা ডুবে এমদাদুল হক (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টার দিকে পৌর শহরের বিরিশিরি ঘাট এলাকায় নদীর তলদেশ থেকে তাঁর মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা।নিহত এমদাদুল হক দুর্গাপুর উপজেলার বিরিশিরি ইউনিয়নের চৈতাটি গ্রামের মৃত ইসমত আলীর ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ফজরের আজানের পর মা রোকেয়া খাতুনকে সঙ্গে নিয়ে একটি ছোট নৌকায় সোমেশ্বরী নদী থেকে বালু তুলতে বাড়ি থেকে বের হন এমদাদুল। পথে বিরিশিরি ঘাট এলাকায় নদীতে থাকা একটি বাঁশের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে নৌকাটি ডুবে যায়। এ সময় তাঁর মা রোকেয়া খাতুন সাঁতরে নদীর তীরে উঠতে পারলেও পানিতে তলিয়ে যান এমদাদুল।খবর পেয়ে দুর্গাপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। পরে ময়মনসিংহ থেকে ডুবুরি দল এসে অভিযানে যোগ দেয়। প্রায় ৩০ মিনিটের চেষ্টায় নদীর তলদেশ থেকে এমদাদুলের মরদেহ উদ্ধার করা হয়।দুর্গাপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মজিবুর রহমান জানান, নদীর তলদেশ থেকে মরদেহ উদ্ধার করে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।এ বিষয়ে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, নৌকায় মা ও ছেলে দুজনই ছিলেন। মায়ের সামনেই পানিতে তলিয়ে যান এমদাদুল। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রকাশক: শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক: কাইয়ুম তালুকদার
উপদেষ্টা সম্পাদক: ড. জাহিদ আহমেদ চৌধুরী
জহুরুল ইসলাম সিটি সোসাইটি, হাউস-২, রোড-৬, ব্লক-কে, আফতাবনগর, ঢাকা ১২১২।
কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা