প্রিন্ট এর তারিখ : ১৪ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬
কুড়িগ্রামে ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু, গুরুতর আহত বাবা
অনীল চন্দ্র রায়, কুড়িগ্রাম ||
কুড়িগ্রাম সদর উপজেলায় ছেলের ছুরিকাঘাতে পারুল বেগম (নাম) নামে এক মায়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তাঁর স্বামী সরদার আলী। তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে মুত্তাকীন আলম শোভন পলাতক রয়েছেন।বুধবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের পলাশবাড়ী এলাকায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, মুত্তাকীন আলম শোভন মাদকাসক্ত হয়ে পড়লে তাঁকে বগুড়ার একটি পুনর্বাসন কেন্দ্রে রাখা হয়। সেখানে প্রায় দুই বছর থাকার পর পরিবারের সদস্যরা তাঁকে বাড়িতে ফিরিয়ে আনেন। তবে বাড়িতে ফেরার পর তিনি আবারও মাদকাসক্ত হয়ে পড়েন বলে জানা গেছে।এ অবস্থায় গত রাতে ওই পুনর্বাসন কেন্দ্রের কর্মীরা শোভনকে নিতে তাঁদের বাড়িতে আসেন। বিষয়টি বুঝতে পেরে শোভন ঘরের ভেতরে তাঁর মাকে ছুরিকাঘাত করেন। এতে ঘটনাস্থলেই পারুল বেগমের মৃত্যু হয়। এ সময় স্ত্রীকে রক্ষা করতে এগিয়ে গেলে সরদার আলীকেও ছুরিকাঘাত করেন শোভন। পরে তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যান।ঘটনার পর স্থানীয়রা গুরুতর আহত সরদার আলীকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন জানান, ছুরিকাঘাতের পর অভিযুক্ত ছেলে পালিয়ে গেছেন। তাঁকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। নিহত পারুল বেগমের মরদেহ উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
প্রকাশক: শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক: কাইয়ুম তালুকদার
উপদেষ্টা সম্পাদক: ড. জাহিদ আহমেদ চৌধুরী
জহুরুল ইসলাম সিটি সোসাইটি, হাউস-২, রোড-৬, ব্লক-কে, আফতাবনগর, ঢাকা ১২১২।
কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা