প্রিন্ট এর তারিখ : ১৩ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬
চবিতে জাতীয় গবেষণা উৎসব, অংশ নিয়েছেন ৩১ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
মো. রাব্বি হোসেন, চবি ||
দেশের ৩১টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শুরু হয়েছে ‘প্রথম জাতীয় গবেষণা উৎসব ২০২৬’। শিক্ষার্থীদের মধ্যে গবেষণার চর্চা বাড়ানো, উদ্ভাবনী চিন্তার বিকাশ এবং গবেষক ও শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ তৈরির লক্ষ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) উদ্যোগে এ উৎসবের আয়োজন করা হয়েছে।মঙ্গলবার (১৩ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার ও বুদ্ধিজীবী চত্বর প্রাঙ্গণে দিনব্যাপী এ উৎসব অনুষ্ঠিত হয়।আয়োজক সূত্রে জানা গেছে, উৎসবে তিনটি প্রধান পর্ব রাখা হয়েছে। এগুলো হলো শিক্ষার্থীদের গবেষণাভিত্তিক পোস্টার উপস্থাপনা, বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও ইনস্টিটিউটের স্টল প্রদর্শনী এবং দেশবরেণ্য গবেষক ও শিক্ষাবিদদের অংশগ্রহণে রিসার্চ টক ও প্যানেল আলোচনা।রিসার্চ টক ও প্যানেল আলোচনায় ব্যবসায় শিক্ষা, সামাজিক বিজ্ঞান ও কলা, জীববিজ্ঞান এবং বিজ্ঞান ও প্রকৌশল বিষয়ে চারটি পৃথক পর্ব রয়েছে।ব্যবসায় শিক্ষাবিষয়ক পর্বের শিরোনাম ‘Beyond Profit: Can Young Entrepreneurs Redefine Business Through Social Impact?’। সামাজিক বিজ্ঞান ও কলা অনুষদসংশ্লিষ্ট পর্বের শিরোনাম ‘Beyond the Classroom: Connecting Academicians & Future Leaders to Transform Education’।জীববিজ্ঞানবিষয়ক পর্বের শিরোনাম ‘From Molecules to Humanity: How Far Can Bioscience Go in Shaping the Future of Global Health?’ এবং বিজ্ঞান ও প্রকৌশলবিষয়ক পর্বের শিরোনাম ‘AI Meets Nanoscience: Are We Ready for the Next Technological Revolution?’।চাকসুর নির্বাহী সদস্য সোহানুর রহমান শোভন বলেন, “বাংলাদেশের ছাত্র সংসদগুলোর ইতিহাসে এ ধরনের আয়োজন এটাই প্রথম। ৩১টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে এ আয়োজন করা হচ্ছে। আমাদের গবেষণায় ফিরে আসা উচিত। এখানে পোস্টার প্রেজেন্টেশন হচ্ছে, পাশাপাশি বিভিন্ন গবেষকও এসেছেন। এটি নলেজ শেয়ারিংয়ের অন্যতম হাব হিসেবে কাজ করবে।”আয়োজকদের প্রত্যাশা, এ উৎসবের মাধ্যমে শিক্ষার্থীদের গবেষণায় আগ্রহ বাড়বে এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও গবেষকদের মধ্যে অভিজ্ঞতা ও জ্ঞান বিনিময়ের সুযোগ তৈরি হবে।
প্রকাশক: শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক: কাইয়ুম তালুকদার
উপদেষ্টা সম্পাদক: ড. জাহিদ আহমেদ চৌধুরী
জহুরুল ইসলাম সিটি সোসাইটি, হাউস-২, রোড-৬, ব্লক-কে, আফতাবনগর, ঢাকা ১২১২।
কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা