প্রিন্ট এর তারিখ : ১৩ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬
কুড়িগ্রামে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির একাংশের বিক্ষোভ
অনীল চন্দ্র রায়, কুড়িগ্রাম ||
কুড়িগ্রামে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির একাংশের বিক্ষোভকুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বিএনপির একাংশের নেতাকর্মীরা। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে তাঁরা এ কর্মসূচি পালন করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি দেন বিক্ষোভকারীরা।বিক্ষোভকারীদের অভিযোগ, নাগেশ্বরী উপজেলা বিএনপির আহ্বায়ক ও সদস্যসচিবের অনিয়মের কারণে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতাকর্মীরা সার ডিলার হিসেবে নিয়োগ পেয়েছেন। এসব নিয়োগ বাতিলের দাবিতে তাঁরা বিক্ষোভ করেন।দুপুরে নাগেশ্বরী কলেজ মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে বক্তব্য দেন উপজেলা যুবদলের সদস্যসচিব আতিকুর রহমান লেবু, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ও উপজেলা শিক্ষক সমিতির সভাপতি শহিদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম আল আমিন, সাবেক সভাপতি নুরনবী দুলাল, পৌর যুবদলের আহ্বায়ক হাফিজুর রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক নুরুজ্জামান হক, পৌর যুবদলের সদস্যসচিব নুরুজ্জামান এবং পৌর যুবদলের সহসভাপতি মিজানুর রহমান মিজানসহ অন্যরা।বক্তারা বলেন, আওয়ামী লীগের ১৭ বছরের শাসনামলে বিএনপির নেতাকর্মীদের ওপর নির্যাতনের ঘটনা তৃণমূলের নেতাকর্মীরা ভুলে যাননি। অর্থের বিনিময়ে বিএনপির নেতাকর্মীদের বঞ্চিত করে আওয়ামী লীগ ও তাদের সহযোগীদের পুনর্বাসনের চেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।বক্তারা দাবি করেন, নাগেশ্বরী উপজেলার ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ১৫ জন সার ডিলার নিয়োগের মধ্যে ১০ জনই আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতাকর্মী। উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সদস্য এবং উপজেলা বিএনপির সদস্যসচিব মোখলেছুর রহমান ও উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম রসুল রাজার অনিয়মের কারণে এসব নিয়োগ দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তাঁরা। এ সময় তাঁরা বিতর্কিত নিয়োগ বাতিলের দাবি জানান।তবে অভিযোগ অস্বীকার করে উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম রসুল রাজা বলেন, ‘যাঁরা মিছিল করেছেন, তাঁরা না বুঝে করেছেন। যাঁরা যোগ্য, তাঁরাই ডিলারশিপ পেয়েছেন। এখানে বিএনপির কোনো হাত নেই। বিএনপি কোথাও হস্তক্ষেপও করেনি।’
প্রকাশক: শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক: কাইয়ুম তালুকদার
উপদেষ্টা সম্পাদক: ড. জাহিদ আহমেদ চৌধুরী
জহুরুল ইসলাম সিটি সোসাইটি, হাউস-২, রোড-৬, ব্লক-কে, আফতাবনগর, ঢাকা ১২১২।
কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা