প্রিন্ট এর তারিখ : ১২ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬
চবিতে বিজনেস কেস ডেভেলপমেন্ট ও অ্যানালাইসিস বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
মো. রাব্বি হোসেন, চবি ||
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ব্যবসায় প্রশাসন অনুষদের উদ্যোগে ‘বিজনেস কেস ডেভেলপমেন্ট অ্যান্ড অ্যানালাইসিস’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১২ অক্টোবর) বেলা ১১টায় ব্যবসায় প্রশাসন অনুষদ অডিটোরিয়ামে এ কর্মশালার উদ্বোধনী অধিবেশন অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সালেহ জহুর।উদ্বোধনী অধিবেশনে অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন বলেন, এ ধরনের কর্মশালা শিক্ষার্থীদের তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি বাস্তব ব্যবসায়িক সমস্যা চিহ্নিত করা এবং কার্যকর সমাধান খুঁজে বের করার দক্ষতা অর্জনে সহায়তা করবে। একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা, উৎপাদন, বিপণন ও মানবসম্পদ ব্যবস্থাপনাসহ বিভিন্ন ক্ষেত্রে বিদ্যমান সমস্যা নির্ণয় এবং প্রতিষ্ঠানকে আরও কার্যকর ও লাভজনক করতে গভীর গবেষণার প্রয়োজন। কর্মশালাটি শিক্ষার্থীদের সে অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দেবে।তিনি আরও বলেন, এ উদ্যোগ ব্যবসায় শিক্ষাকে বাস্তবমুখী করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ সময় তিনি কর্মশালার সফলতা কামনা করেন।বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি ব্যবহারিক দক্ষতা অর্জনের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। অনেক সময় তাত্ত্বিক জ্ঞান থাকলেও বাস্তব জীবনে তার প্রয়োগ করতে গিয়ে শিক্ষার্থীরা সমস্যার মুখোমুখি হন। এ ধরনের কর্মশালা সেই সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে সহায়তা করবে। পাশাপাশি বাস্তব ব্যবসায়িক সমস্যা চিহ্নিতকরণ, বিজনেস কেস তৈরি এবং গবেষণার মাধ্যমে কার্যকর সমাধান নির্ধারণে শিক্ষার্থীরা অভিজ্ঞতা অর্জন করতে পারবেন।উদ্বোধনী অধিবেশন শেষে ব্যবসায়িক বিশ্লেষণবিষয়ক মূল সেশন অনুষ্ঠিত হয়। এতে বিজনেস কেস ডেভেলপমেন্ট বিষয়ে আলোচনা করেন ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল্লাহ মামুন।পরে কেস অ্যানালাইসিস ও সমস্যা সমাধান বিষয়ে সেশন পরিচালনা করেন হিসাববিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. সেলিম উদ্দিন, ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মো. সাহিদুর রহমান, মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জাভেদ হোসেন, ফাইন্যান্স বিভাগের অধ্যাপক ড. এস. এম. শোহরাবুদ্দিন, ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ এবং হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. মো. আফতাব উদ্দীন।অনুষ্ঠান সঞ্চালনা করেন মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মীর হোসেন সোহেল। কর্মশালায় ব্যবসায় প্রশাসন অনুষদের ছয়টি বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন। এ সময় বক্তারা ব্যবসায়িক সমস্যা চিহ্নিতকরণ, কেস স্টাডি বিশ্লেষণ এবং সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
প্রকাশক: শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক: কাইয়ুম তালুকদার
উপদেষ্টা সম্পাদক: ড. জাহিদ আহমেদ চৌধুরী
জহুরুল ইসলাম সিটি সোসাইটি, হাউস-২, রোড-৬, ব্লক-কে, আফতাবনগর, ঢাকা ১২১২।
কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা