প্রিন্ট এর তারিখ : ১১ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬
ডেঙ্গু প্রতিরোধ থেকে কিশোর গ্যাং দমন, পিরোজপুরে প্রতিমন্ত্রীর নির্দেশনা
সাদী মোঃ হিমেল, পিরোজপুর ||
পিরোজপুরের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, ডেঙ্গু প্রতিরোধ, হাসপাতালের চিকিৎসাসেবার মান উন্নয়ন, পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ এবং মাদক ও কিশোর গ্যাংয়ের অপতৎপরতা রোধে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ।রোববার (১১ অক্টোবর) সকালে পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে এসব নির্দেশনা দেন প্রতিমন্ত্রী।প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা, অপরাধ নিয়ন্ত্রণ এবং একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও শান্তিপূর্ণ পিরোজপুর গড়ে তুলতে সংশ্লিষ্ট সব দপ্তর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সমন্বিতভাবে কাজ করতে হবে। দায়িত্ব পালনে কোনো ধরনের অবহেলা কাম্য নয়। জনস্বার্থে নেওয়া সিদ্ধান্তগুলোর কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। জেলার সার্বিক উন্নয়ন, জননিরাপত্তা ও জনসেবার মান বৃদ্ধিতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতা, নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।এ সময় পিরোজপুরের বর্তমান বর্তমান ডেঙ্গু পরিস্থিতি ও চিকিৎসা সেবার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, মশার প্রজননস্থল ধ্বংস এবং নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করতে হবে।একই সঙ্গে জেলার হাসপাতালগুলোতে চিকিৎসাসেবার মান উন্নয়ন, রোগীদের যথাযথ সেবা নিশ্চিত করা এবং হাসপাতালের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।এছাড়া জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও তৎপর ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান আহম্মদ সোহেল মনজুর। পাশাপাশি মাদকদ্রব্যের বিস্তার ও মাদক ব্যবসা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং কিশোর গ্যাংয়ের অপতৎপরতা রোধে কঠোর নজরদারি ও আইনানুগ পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন তিনি।এ সময় সভায় উপস্থিত ছিলেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী, জেলা প্রশাসক মো. গোলাম রব্বানী, জেলা পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান, সিভিল সার্জন ডা. মোহাম্মদ মতিউর রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।
প্রকাশক: শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক: কাইয়ুম তালুকদার
উপদেষ্টা সম্পাদক: ড. জাহিদ আহমেদ চৌধুরী
জহুরুল ইসলাম সিটি সোসাইটি, হাউস-২, রোড-৬, ব্লক-কে, আফতাবনগর, ঢাকা ১২১২।
কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা