প্রিন্ট এর তারিখ : ১০ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ অক্টোবর ২০২৬
পিরোজপুরে নতুন করে সন্ত্রাস-চাঁদাবাজির উত্থান হয়েছে: এমপি মাসুদ সাঈদী
সাদী মোঃ হিমেল, পিরোজপুর ||
পিরোজপুরে নতুন করে সন্ত্রাস ও চাঁদাবাজির উত্থান হয়েছে বলে মন্তব্য করেছেন পিরোজপুর-১ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মাসুদ সাঈদী। আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এ কে এম এ আউয়াল ও পিরোজপুর পৌরসভার সাবেক মেয়র হাবিবুর রহমান মালেককে উদাহরণ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, পিরোজপুরে নতুন করে কোনো ‘আউয়াল-মালেক’ তৈরি হতে দেওয়া হবে না।শুক্রবার (৯ অক্টোবর) সকালে পিরোজপুরে জামায়াতে ইসলামীর রুকন সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।মাসুদ সাঈদী বলেন, পিরোজপুরে নতুন করে অনেকে আউয়াল ও মেয়র মালেক হতে চান। এই পিরোজপুরের মাটিতে নতুন করে কোনো আউয়াল-মালেকের সৃষ্টি হতে দেওয়া হবে না, হবে না, হবে না।তিনি আরও বলেন,পিরোজপুরের মানুষকে সঙ্গে নিয়ে আমরা একটি সমৃদ্ধ পিরোজপুর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আন্দোলন করছি। জামায়াতে ইসলামীর উন্নয়নমূলক ও গঠনমূলক রাজনীতির মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব—আমি এটা বিশ্বাস করি।বিরোধী দল হিসেবে সরকারের গঠনমূলক সমালোচনা করে দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করে মাসুদ সাঈদী বলেন, জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বাংলাদেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে বিভিন্ন কর্মসূচি দিচ্ছেন। বিরোধী দলে থেকেও ছায়া সরকার হিসেবে ভূমিকা রেখে বাংলাদেশকে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড় করানো সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।সম্মেলনে ২০২৭-২৮ সেশনের জন্য জেলা আমিরের নির্বাচন অনুষ্ঠিত হয়। পিরোজপুর জেলার ৬৭২ জন নারী ও পুরুষ রুকন গোপন ব্যালটের মাধ্যমে জেলা আমির নির্বাচনে ভোট প্রদান করেন।রুকন সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এই ভোট ছিল জেলা মজলিসের সূরায় কেন্দ্রে প্রতিনিধি পাঠানোর জন্য নির্বাচন। সুষ্ঠুভাবে জামায়াতে ইসলামী এই নির্বাচন করছে। ৮৫ বছর ধরে জামায়াতে ইসলামী এভাবেই নির্বাচন করছে। এখানে নির্বাচন করতে গিয়ে কোনো ক্যাম্পেইন নেই, কোনো প্রচার নেই, কোনো দলাদলি নেই, কোনো গ্রুপিং নেই। এরকম একটি গণতান্ত্রিক ও পরিচ্ছন্ন দল জামায়াতে ইসলামী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির মাওলানা আব্দুর রব, জেলা সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক এবং সাবেক পটুয়াখালী জেলা আমির ও বরিশাল অঞ্চল টিম সদস্য।
প্রকাশক: শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক: কাইয়ুম তালুকদার
উপদেষ্টা সম্পাদক: ড. জাহিদ আহমেদ চৌধুরী
জহুরুল ইসলাম সিটি সোসাইটি, হাউস-২, রোড-৬, ব্লক-কে, আফতাবনগর, ঢাকা ১২১২।
কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা