প্রিন্ট এর তারিখ : ১০ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ অক্টোবর ২০২৬
দুর্গাপুরে কমরেড মোহাম্মদ ফরহাদের মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা
মো: নূর আলম , নেত্রকোনা ||
নেত্রকোণার দুর্গাপুরে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের সংগঠক জননেতা কমরেড মোহাম্মদ ফরহাদের ৩৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (৯ অক্টোবর) বিকেল ৩টায় কমরেড মণি সিংহ স্মৃতি জাদুঘরের হলরুমে সিপিবি দুর্গাপুর উপজেলা কমিটির উদ্যোগে এ স্মরণসভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী দুর্গাপুর উপজেলা সংসদের শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। পরে কমরেড মোহাম্মদ ফরহাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।স্মরণসভায় সভাপতিত্ব করেন সিপিবি দুর্গাপুর উপজেলা কমিটির সদস্য কমরেড আব্দুর রাজ্জাক। সঞ্চালনা করেন উপজেলা কমিটির সহকারী সাধারণ সম্পাদক কমরেড নজরুল ইসলাম।সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য জননেতা কমরেড ডা. দিবালোক সিংহ। এ ছাড়া বক্তব্য দেন সিপিবি দুর্গাপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মোরশেদ আলম, সাবেক সাধারণ সম্পাদক শামছুল আলম খান ও রুপন কুমার সরকার, আদিবাসী ইউনিয়ন দুর্গাপুর উপজেলা শাখার সভাপতি অবনী কান্ত হাজং, উপজেলা যুব ইউনিয়নের সভাপতি রমজান আলী সরকার এবং উপজেলা ছাত্র ইউনিয়নের সভাপতি সায়মন মিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ।আলোচনায় বক্তারা বলেন, কমরেড মোহাম্মদ ফরহাদ ছিলেন বাংলাদেশের বামপন্থী ও বিপ্লবী রাজনীতির অন্যতম অগ্রপথিক। শ্রমিক, কৃষক ও মেহনতি মানুষের মুক্তির সংগ্রামে তিনি আজীবন নিজেকে নিয়োজিত রেখেছেন। তাঁর রাজনৈতিক প্রজ্ঞা, আদর্শনিষ্ঠা, ত্যাগ ও সংগ্রামী জীবন দেশের গণতান্ত্রিক ও সমাজতান্ত্রিক আন্দোলনে অনুপ্রেরণা জোগায়।বক্তারা আরও বলেন, শোষণ ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে কমরেড মোহাম্মদ ফরহাদের আজীবন সংগ্রাম আজও প্রাসঙ্গিক। তাঁর আদর্শ ও সংগ্রামী চেতনা ধারণ করে শ্রমিক-কৃষক-জনতার অধিকার প্রতিষ্ঠা এবং সমাজ পরিবর্তনের আন্দোলনকে আরও জোরদার করতে হবে।স্মরণসভায় বক্তারা কমরেড মোহাম্মদ ফরহাদের বিপ্লবী জীবন ও আদর্শ থেকে শিক্ষা নিয়ে একটি শোষণমুক্ত, বৈষম্যহীন ও গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার সংগ্রাম এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
প্রকাশক: শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক: কাইয়ুম তালুকদার
উপদেষ্টা সম্পাদক: ড. জাহিদ আহমেদ চৌধুরী
জহুরুল ইসলাম সিটি সোসাইটি, হাউস-২, রোড-৬, ব্লক-কে, আফতাবনগর, ঢাকা ১২১২।
কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা