প্রিন্ট এর তারিখ : ০৭ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬
রংপুর মেডিকেলে চিকিৎসাধীন দুই ভারতীয় নাগরিকের বিরুদ্ধে মামলা, দাবি, বিএসএফের গুলিতে আহত হয়ে বাংলাদেশে আসেন
অনীল চন্দ্র রায়, কুড়িগ্রাম ||
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন গুলিবিদ্ধ দুই ভারতীয় নাগরিকের বিরুদ্ধে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের অভিযোগে পাসপোর্ট অ্যাক্টে মামলা করেছে পুলিশ। মঙ্গলবার রাতে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানায় পুলিশ বাদী হয়ে মামলাটি করে। বর্তমানে পুলিশি পাহারায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তারা।বুধবার সকালে মামলার বিষয়টি নিশ্চিত করেন কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম নাজমুল কাদের।চিকিৎসাধীন দুই ভারতীয় নাগরিক হলেন—ইসমাইল হোসেন (৩৫) ও আব্দুল আলিম মন্ডল (৩৯)। ইসমাইল ভারতের আসাম রাজ্যের ধুবড়ী জেলার সুখচর থানার বড়বালু গ্রামের বাসিন্দা। আব্দুল আলিম একই থানার দেনোআলগা গ্রামের বাসিন্দা। হাসপাতাল সূত্র জানায়, সোমবার রাত ২টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় ওই দুই ব্যক্তিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তারা ভারতীয় নাগরিক বলে জানতে পারে পুলিশ। বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানো হলে তাদের নিরাপত্তায় পুলিশ মোতায়েন করা হয়। বর্তমানে হাসপাতালের সার্জিক্যাল-১৫ নম্বর ওয়ার্ডে পুলিশি পাহারায় তাদের চিকিৎসা চলছে।রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান চৌধুরী বলেন, গুলিবিদ্ধ দুই ভারতীয় নাগরিককে পুলিশি পাহারায় হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। তারা বর্তমানে শঙ্কামুক্ত। তাদের নিরাপত্তার বিষয়টি পুলিশ দেখছে। চিকিৎসাধীন দুই ভারতীয় নাগরিকের দাবি, রোববার দুপুরে সীমান্তসংলগ্ন আইরমারী চরে গরু চরাতে যাওয়ার সময় ভারতের সালাপাড়া এলাকায় বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালান। তাদের বাংলাদেশি নাগরিক ও গরু চোরাকারবারি সন্দেহে গুলি করা হয় বলে দাবি করেন তারা।আব্দুল আলিম মন্ডল বলেন, “আমরা দুজনই ভারতের বাসিন্দা। গরু চরাতে চরে যাওয়ার সময় বিএসএফ আমাদের গুলি করে। গুলিবিদ্ধ হওয়ার পর প্রাণভয়ে দৌড়ে বাংলাদেশের ভেতরে চলে আসি। পরে স্থানীয় দুই মাঝি আমাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। তারা উদ্ধার না করলে হয়তো আমরা মারা যেতাম।”তিনি আরও বলেন, “আমরা দেশে ফিরে যেতে চাই। এ জন্য বাংলাদেশ ও ভারত সরকারের কাছে আমাদের আকুল আবেদন।”তাদের দাবি অনুযায়ী, গুলিবিদ্ধ অবস্থায় তারা কুড়িগ্রামের উলিপুর উপজেলার সাহেবের আলগা ইউনিয়নের দৈখাওয়া-আইরমারী এলাকায় এসে পড়ে যান। পরে স্থানীয় দুই মাঝি তাদের উদ্ধার করে রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। তবে ওই দুই মাঝির নাম-পরিচয় তারা জানেন না বলে জানিয়েছেন।কোতোয়ালি থানার ওসি এ কে এম নাজমুল কাদের বলেন, “চিকিৎসাধীন দুই ভারতীয় নাগরিক সুস্থ হলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। পরবর্তীতে আদালতের নির্দেশনা অনুযায়ী আইনি প্রক্রিয়া শেষে তাদের ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।” তিনি জানান, বিষয়টি কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়ন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব উল হক বলেন, বিষয়টি তিনি জানতে পেরেছেন। তবে রোববার বা সোমবার ওই সীমান্তে গুলিবর্ষণের কোনো ঘটনা ঘটেনি বলে বিজিবির কাছে তথ্য রয়েছে। ভারতের অভ্যন্তরে কোনো ঘটনা ঘটে থাকলে সে বিষয়ে তিনি অবগত নন।তিনি বলেন, “ভারতীয় নাগরিক দুজন কীভাবে গুলিবিদ্ধ হয়েছেন এবং কারা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন—এমন কোনো তথ্য আমাদের কাছে ছিল না। এখন পর্যন্ত বিএসএফের পক্ষ থেকেও এ বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি।”
প্রকাশক: শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক: কাইয়ুম তালুকদার
উপদেষ্টা সম্পাদক: ড. জাহিদ আহমেদ চৌধুরী
জহুরুল ইসলাম সিটি সোসাইটি, হাউস-২, রোড-৬, ব্লক-কে, আফতাবনগর, ঢাকা ১২১২।
কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা