প্রিন্ট এর তারিখ : ০৭ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬
চবিতে আবাসন সহায়তায় ‘স্টুডেন্ট ওয়েলফেয়ার ইনিশিয়েটিভ’, প্রথম ধাপে বৃত্তি পেলেন ১০ শিক্ষার্থী
মো. রাব্বি হোসেন, চবি ||
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) আবাসন সংকটে থাকা শিক্ষার্থীদের আর্থিক সহায়তায় ‘স্টুডেন্ট ওয়েলফেয়ার ইনিশিয়েটিভ’ (এসডব্লিউআই) নামে নতুন একটি উদ্যোগের যাত্রা শুরু হয়েছে। উদ্যোগটির প্রথম ধাপে ২০৬টি আবেদনের মধ্য থেকে নির্বাচিত ১০ শিক্ষার্থীকে চার মাসের আবাসন বৃত্তি দেওয়া হয়েছে।বুধবার (৭ অক্টোবর) দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ তুলে দেওয়া হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (প্রশাসনিক) অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম ও উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমিন।উপাচার্য বলেন, “হয়তো আজ ১০ জন শিক্ষার্থীকে দিয়ে বৃত্তি কার্যক্রম শুরু হচ্ছে, কিন্তু একদিন এই উদ্যোগের মাধ্যমে এক হাজার শিক্ষার্থীও উপকৃত হতে পারে। আমাদের মূল লক্ষ্য হলো, শিক্ষার্থীরা যেন পড়াশোনার মূলধারায় থাকতে পারে এবং আর্থিক সমস্যার কারণে তাঁদের শিক্ষাজীবন ব্যাহত না হয়।”অনুষ্ঠানে সংগঠনের উদ্যোক্তারা জানান, এসডব্লিউআই চারটি প্রধান প্রকল্প নিয়ে কাজ করবে। এগুলো হলো আবাসন, স্কিল ডেভেলপমেন্ট, মেডিকেল সেবা ও প্রাণিসেবা।আবাসন প্রকল্পে প্রথম ধাপে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ১০ শিক্ষার্থীকে নির্বাচন করা হয়েছে। ভবিষ্যতে শিক্ষার্থীরা যাতে দীর্ঘমেয়াদে নিজেদের আবাসনের ব্যবস্থা করতে পারেন, সে ধরনের সহযোগিতার পরিকল্পনাও রয়েছে।স্কিল ডেভেলপমেন্ট প্রকল্পে সিভি লেখা, চাকরির আবেদন, এআই টুল ও মৌলিক কম্পিউটার দক্ষতা বিষয়ে প্রশিক্ষণের পাশাপাশি বিসিএস, আইইএলটিএস ও উচ্চশিক্ষা নিয়ে সেমিনার আয়োজন করা হবে। মেডিকেল প্রকল্পে প্রতি মাসে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প এবং আর্থিক সংকটে থাকা শিক্ষার্থীদের চিকিৎসায় সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে। প্রাণিসেবা প্রকল্পে ক্যাম্পাসের কুকুর, বিড়ালসহ বিভিন্ন প্রাণীর খাবার ও পরিচর্যার ব্যবস্থা করা হবে।এসডব্লিউআইয়ের উপদেষ্টা ও ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক শারমিন আক্তার বলেন, সংগঠনটির কার্যক্রম নিয়ে প্রায় ছয় মাস ধরে কাজ চলছে। শিক্ষার্থীদের থাকা-খাওয়ার সহায়তার পাশাপাশি ভবিষ্যতে ডিজিটাল দক্ষতা ও উদ্যোক্তা উন্নয়নেও কাজ করা হবে।বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. কামরুল হোসেন বলেন, প্রশাসনের ইচ্ছা থাকলেও সব শিক্ষার্থীকে আবাসন ও আর্থিক সহায়তার আওতায় আনা সম্ভব হয় না। এ অবস্থায় স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর এমন উদ্যোগ শিক্ষার্থীদের সমস্যা মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।উপ-উপাচার্য (প্রশাসনিক) অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থী নিম্নবিত্ত ও নিম্নমধ্যবিত্ত পরিবার থেকে আসেন। তাই আবাসন সমস্যা সমাধানে দাতা ও সামর্থ্যবান ব্যক্তিদের এগিয়ে আসা প্রয়োজন।অনুষ্ঠানে সংগঠনটির কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে স্লাইড উপস্থাপন করা হয়। পরে প্রথম ধাপে নির্বাচিত ১০ শিক্ষার্থীর হাতে আবাসন বৃত্তির অর্থ তুলে দেন উপাচার্যসহ অতিথিরা।উদ্যোক্তারা বলেন, ছোট ছোট উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য বড় ধরনের পরিবর্তন আনার লক্ষ্যেই এসডব্লিউআইয়ের যাত্রা শুরু হয়েছে।
প্রকাশক: শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক: কাইয়ুম তালুকদার
উপদেষ্টা সম্পাদক: ড. জাহিদ আহমেদ চৌধুরী
জহুরুল ইসলাম সিটি সোসাইটি, হাউস-২, রোড-৬, ব্লক-কে, আফতাবনগর, ঢাকা ১২১২।
কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা