প্রিন্ট এর তারিখ : ০৭ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬
এডিশ মশা নিধন ও ডেঙ্গু প্রতিরোধে পিরোজপুরে ‘উইরাইজ’ এর পরিচ্ছন্নতা অভিযান ও র্যালি
সাদী মোঃ হিমেল, পিরোজপুর ||
এডিস মশা নিধন ও ডেঙ্গু প্রতিরোধে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে পিরোজপুরে পরিচ্ছন্নতা অভিযান, সচেতনতামূলক র্যালি ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।বুধবার সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন উইরাইজ রুরাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।সকালে পিরোজপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পিরোজপুর টাউনে গিয়ে শেষ হয়। এ সময় সংগঠনের সদস্যরা পথচারী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।র্যালি শেষে পিরোজপুর পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে নিয়ে শহরের বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। জেলা হাসপাতাল প্রাঙ্গণ থেকে শুরু করে ম্যাটার্নিটি রোড, মা ও শিশু হাসপাতাল, পিরোজপুর ল্যাবরেটরি স্কুলের আশপাশ, উকিলপাড়া রোড, পুরাতন মসজিদ ও কিয়ামউদ্দিন হাই স্কুলের আশপাশসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। একই সঙ্গে এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংসের জন্য মশা নিধক ওষুধ স্প্রে করা হয়। সচেতনতামূলক র্যালিতে অংশ নেন পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইফতেখারুল ইসলাম শামীম ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শহিদুল ইসলাম।এ ছাড়া কর্মসূচিতে উপস্থিত ছিলেন উইরাইজ রুরাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সহসভাপতি দুলাল কৃষ্ণ বিশ্বাস, নির্বাহী সদস্য মো. মফিজুর রহমান টিটু, কোষাধ্যক্ষ মো. কিবরিয়া খানসহ সংগঠনের অন্যান্য সদস্য ও স্বেচ্ছাসেবকেরা।কর্মসূচি শেষে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, সমাজকল্যাণ ও মানবসেবামূলক কার্যক্রমের ধারাবাহিকতায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার কথা জানান তারা।এ সময় পিরোজপুর পৌরবাসীকে নিজ নিজ বাড়ি ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং কোথাও পানি জমতে না দেওয়ার আহ্বান জানানো হয়। জমে থাকা পানি অপসারণের মাধ্যমে এডিস মশার বংশবিস্তার রোধ করে ডেঙ্গুমুক্ত পরিবেশ গড়ে তোলার আহ্বানের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।
প্রকাশক: শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক: কাইয়ুম তালুকদার
উপদেষ্টা সম্পাদক: ড. জাহিদ আহমেদ চৌধুরী
জহুরুল ইসলাম সিটি সোসাইটি, হাউস-২, রোড-৬, ব্লক-কে, আফতাবনগর, ঢাকা ১২১২।
কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা