প্রিন্ট এর তারিখ : ০৭ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ পাচ্ছেন নোবিপ্রবির ৮ শিক্ষার্থী
ইমতিয়াজ হোসেন , নোবিপ্রবি ||
উচ্চশিক্ষায় অসাধারণ কৃতিত্ব ও মেধার স্বীকৃতিস্বরূপ ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক' ২০১৯, ২০২০ ও ২০২১ এর জন্য চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ৮ জন শিক্ষার্থী। সম্প্রতি (৫ অক্টোবর) বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) সর্বমোট ৪৬৯ জন মেধাবী শিক্ষার্থীর তালিকা প্রকাশ করে, যার মধ্যে নোবিপ্রবির ২০১৯ শিক্ষাবর্ষের ৩ জন, ২০২০ শিক্ষাবর্ষের ৪ জন এবং ২০২১ শিক্ষাবর্ষের ১ জন শিক্ষার্থী রয়েছেন।ইউজিসির প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০১৯ শিক্ষাবর্ষে স্বর্ণপদকের জন্য মনোনীত শিক্ষার্থীরা হলেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের শুভদ বাবু সেন অমিত, অর্থনীতি বিভাগের নাজমুল হাসান ও কৃষি বিভাগ বেলায়েত হোসেন।২০২০ শিক্ষাবর্ষে মনোনীত শিক্ষার্থীরা হলেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের শতাব্দী রায় মুন, অর্থনীতি বিভাগের রাজিয়া সুলতানা, ব্যবসায় প্রশাসন বিভাগের মোসাররা চৌধুরী এবং কৃষি বিভাগের মোঃ ইশতিয়াক হোসেন জয়। এছাড়া ২০২১ শিক্ষাবর্ষে মনোনীত হয়েছেন ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী মনজুরা মাওলা মেহেদী। শিক্ষার্থীদের এমন কৃতিত্বে বিশ্ববিদ্যালয় পরিবারে আনন্দের আবহ তৈরি হয়েছে। এ অর্জন তাদের ভবিষ্যৎ কর্মজীবন এবং গবেষণায় আরও অনুপ্রাণিত করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। নীতিমালা অনুযায়ী, মনোনীত শিক্ষার্থীদের প্রত্যেককে ২২ ক্যারেট মানের ৪.৫ গ্রাম স্বর্ণ ও ১০গ্রাম রৌপ্য দ্বারা নির্মিত একটি পদক এবং একটি সম্মাননাপত্র প্রদান করা হবে।উল্লেখ্য, দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষা ও গবেষণায় তরুণদের উৎসাহিত করার উদ্দেশ্যে ২০০৫ সাল থেকে প্রতিভাবান গ্র্যাজুয়েটদের ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ প্রদান করে আসছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।
প্রকাশক: শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক: কাইয়ুম তালুকদার
উপদেষ্টা সম্পাদক: ড. জাহিদ আহমেদ চৌধুরী
জহুরুল ইসলাম সিটি সোসাইটি, হাউস-২, রোড-৬, ব্লক-কে, আফতাবনগর, ঢাকা ১২১২।
কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা