প্রিন্ট এর তারিখ : ০৫ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬
সুন্দরবন রেজিমেন্টের উদ্যোগে ইবিতে শিশু অধিকার সচেতনতায় র্যালি ও আলোচনা
মাওয়াজুর রহমান , ইবি ||
শিশু অধিকার বিষয়ে সচেতনতা তৈরিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সুন্দরবন রেজিমেন্টের ২৪ বিএনসিসি ব্যাটালিয়ন ইবি প্লাটুনের উদ্যোগে এ কর্মসূচি আয়োজন করা হয়।সোমবার (৫ অক্টোবর) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবন থেকে র্যালিটি শুরু হয়ে ইবি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে গিয়ে শেষ হয়। পরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে শিশু অধিকার বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।কর্মসূচিতে ইবি বিএনসিসি সেনা প্লাটুনের প্রফেসর আন্ডার অফিসার ড. মাসুদ রানা, নৌ শাখার প্রফেসর আন্ডার অফিসার ফাহাদ হোসেন এবং ইবি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।এসময় ইবি বিএনসিসি সেনা প্লাটুনের প্রফেসর আন্ডার অফিসার ড. মাসুদ রানা বলেন, শিশুদেরও শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান ও চিকিৎসাসহ সব মৌলিক অধিকার সমানভাবে ভোগ করার অধিকার রয়েছে। তবে অর্থনৈতিক ও সামাজিক নানা সীমাবদ্ধতার কারণে বাংলাদেশের সব শিশু এসব অধিকার সমানভাবে ভোগ করতে পারছে না। বিশেষ করে সামাজিক নিরাপত্তার অভাব, সাইবার বুলিং ও বাল্যবিবাহ শিশুদের অধিকারকে বাধাগ্রস্ত করছে। এ পরিস্থিতি মোকাবিলায় শিশু ও অভিভাবকদের সচেতন হওয়ার পাশাপাশি সমাজের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। বাল্যবিবাহ প্রতিরোধে ছেলে ২১ ও মেয়ের ১৮ বছর বয়সের আইন মেনে চলতে হবে এবং কোথাও বাল্যবিবাহের ঘটনা দেখলে জাতীয় শিশু হেল্পলাইন ১০৯৮-এ জানিয়ে প্রয়োজনীয় সহায়তা নেওয়া যেতে পারে।তিনি আরো বলেন, শিশুদের সামাজিক নিরাপত্তা ও অধিকার রক্ষায় সবাইকে সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে ভূমিকা পালন করতে হবে। শিশু অপহরণ, নির্যাতন, যৌন হয়রানি বা অন্য কোনো অধিকার লঙ্ঘনের ঘটনা দেখলে জাতীয় জরুরি সেবা ৯৯৯, নিকটস্থ থানা, উপজেলা সমাজসেবা কার্যালয় ও মহিলা ও শিশু বিষয়ক সংশ্লিষ্ট দপ্তরের সহায়তা নিতে হবে। একই সঙ্গে শিশু শ্রম ও বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে এবং কোনো শিশুর প্রতি নির্যাতন, হয়রানি বা বুলিং হলে তার বিরুদ্ধে অবস্থান নিতে হবে। সাইবার নিরাপত্তার ক্ষেত্রেও সবাইকে সতর্ক থাকতে হবে এবং ব্যক্তিগত তথ্য, ছবি বা ভিডিও কারও সঙ্গে শেয়ার করা থেকে বিরত থাকতে হবে।
প্রকাশক: শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক: কাইয়ুম তালুকদার
উপদেষ্টা সম্পাদক: ড. জাহিদ আহমেদ চৌধুরী
জহুরুল ইসলাম সিটি সোসাইটি, হাউস-২, রোড-৬, ব্লক-কে, আফতাবনগর, ঢাকা ১২১২।
কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা