প্রিন্ট এর তারিখ : ০৩ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬
সুন্দরবনে জাহাজের ধাক্কায় নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার
মুর্শিদুল ইসলাম ইমন খান , বাগেরহাট ||
বাগেরহাটের
সুন্দরবনে কয়লাবাহী লাইটার জাহাজের ধাক্কায় নৌকা থেকে নদীতে পড়ে নিখোঁজ হওয়া জেলে মোস্তফা মাঝির মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার
(৩ অক্টোবর) দুপুরে মোংলার পশুর নদীর ইন্দুরকোলা এলাকা থেকে ভাসমান অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ। এর
আগে শুক্রবার (২ অক্টোবর) দুপুর
১টার দিকে সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই
রেঞ্জের চরাপুটিয়া ও ভদ্রা নদীর
মধ্যবর্তী চাওলাবগীর মুখে এ দুর্ঘটনা ঘটে।
সেখানে একটি অজ্ঞাতনামা কয়লাবাহী লাইটার জাহাজ মোস্তফা মাঝির মাছ ধরার নৌকায় ধাক্কা দেয়। এতে মোস্তফাসহ নৌকায় থাকা তিন জেলে নদীতে পড়ে যান।এ
সময় অপর দুই জেলে শুকুর আমিন ও সানাউল্লাহ সানি
সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও নিখোঁজ হন মোস্তফা মাঝি।
পরে তাঁর সন্ধানে উদ্ধার অভিযান শুরু হয়। নিহত মোস্তফা মাঝি পিরোজপুরের কাউখালী উপজেলার শয়না গ্রামের অজেদ মাঝির ছেলে। চাঁদপাই
নৌ পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। নিহতের দুই ছেলে মোংলায় এসেছেন। তাঁদের সঙ্গে কথা বলা হচ্ছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তবে জেলেদের নৌকায় ধাক্কা দেওয়া লাইটার জাহাজটির পরিচয় এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ।
প্রকাশক: শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক: কাইয়ুম তালুকদার
উপদেষ্টা সম্পাদক: ড. জাহিদ আহমেদ চৌধুরী
জহুরুল ইসলাম সিটি সোসাইটি, হাউস-২, রোড-৬, ব্লক-কে, আফতাবনগর, ঢাকা ১২১২।
কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা