প্রিন্ট এর তারিখ : ০৩ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৬
সুবিধাবঞ্চিত শিশুদের স্বপ্নের পাঠশালা ইবি সিআরসি স্কুল
মাওয়াজুর রহমান , ইবি ||
বিকেল হলেই কুষ্টিয়ার চরশান্তি ডাঙা গ্রামের খোলা আকাশের নিচে জমে ওঠে অন্যরকম এক পাঠশালা। কারও হাতে বই, কারও হাতে খাতা-কলম। কেউ অঙ্ক কষছে, কেউ ইংরেজি পড়ছে, আবার কেউ হয়তো গুনগুন করে গান গাইছে। চারপাশের ব্যস্ততা ছাপিয়ে সেখানে শোনা যায় শিশুদের হাসি আর শেখার আগ্রহ।এই শিশুদের অনেকেরই নিয়মিত স্কুলে যাওয়ার সুযোগ ছিল না। কারও পরিবারে নুন আনতে পান্তা ফুরায়, কারও জীবনে পড়াশোনার চেয়ে বেঁচে থাকার সংগ্রামই ছিল বড়। সেই শিশুদের হাতেই এখন বই তুলে দিচ্ছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) একদল তরুণ।‘থেকে একসাথে যুক্ত করবো পৃথিবীকে পথশিশু মুক্ত’ এই প্রত্যয়কে সামনে রেখে ২০১৭ সালের ১৬ জুন যাত্রা শুরু করে কাম ফর রোড চাইল্ড (সিআরসি), ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বেচ্ছাশ্রমে পরিচালিত সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকেই সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও উন্নয়নে নানা কার্যক্রম পরিচালনা করে আসছে।এরই ধারাবাহিকতায় ২০২০ সালের ২২ জানুয়ারি শুরু হয় সিআরসি স্কুলের কার্যক্রম। মাত্র পাঁচজন শিশুকে নিয়ে যাত্রা শুরু করা এই ছোট্ট স্কুলটিতে এখন নিয়মিত পড়ছে ২৫ জন শিশু। কোনো বেতন নেই, নেই ভর্তি ফি। আছে শুধু শেখার সুযোগ আর কিছু মানুষের নিঃস্বার্থ ভালোবাসা।সপ্তাহে ছয় দিন বিকেল ৫টা থেকে ৬টা পর্যন্ত চলে পাঠদান। খোলা আকাশের নিচেই বসে শিশুরা শেখে ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, আরবি, গান, কবিতা ও আর্ট। কখনো বইয়ের পাতায়, কখনো ছবি আঁকার খাতায়, আবার কখনো গানের সুরে তারা খুঁজে নেয় নিজেদের ভবিষ্যৎ।এই পাঠশালার সবচেয়ে বড় সাফল্য হয়তো শুধু ২৫টি শিশুকে পড়ানো নয় বরং ঝরে পড়ার পথে থাকা শিশুদের আবারও শিক্ষার সঙ্গে যুক্ত করা। মাদকসহ নানা অনৈতিক কর্মকাণ্ড থেকে তাদের দূরে রাখতেও ভূমিকা রাখছে এই উদ্যোগ।স্কুলটি পরিচালিত হয় মূলত সংগঠনের সদস্যদের মাসিক চাঁদা ও বিভিন্ন সময়ে উপদেষ্টাদের দেওয়া অনুদানে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদের পড়াশোনা, পরীক্ষা কিংবা ব্যক্তিগত ব্যস্ততার মধ্যেও নিয়ম করে ছুটে আসেন শিশুদের কাছে। তাদের কাছে এটি কোনো আনুষ্ঠানিক দায়িত্ব নয় বরং মানুষের পাশে দাঁড়ানোর এক স্বেচ্ছা অঙ্গীকার।সিআরসি স্কুলের পরিচালক সাইফুদ্দীন সিদ্দীক বলেন, “সিআরসি স্কুলের পরিচালক হওয়ার দায়িত্বটি গভীর দায়বদ্ধতার নাম। এটি শুধু একটি দায়িত্ব নয়, সুবিধাবঞ্চিত কিছু শিশুর ভবিষ্যৎ ও স্বপ্নের সঙ্গে জড়িয়ে থাকা অঙ্গীকার। একটি শিশুর হাতে বই তুলে দেওয়া মানে শুধু বই দেওয়া নয়, তার সামনে সম্ভাবনার একটি দরজা খুলে দেওয়া। শিশুদের হাসিমুখ, শেখার আগ্রহ ও ছোট ছোট সাফল্য আমাদের প্রতিটি পরিশ্রমকে সার্থক করে তোলে।”সংগঠনটির বর্তমান সভাপতি তানভীর আহমেদ বলেন, “শিক্ষার আলো থেকে যেন কোনো শিশু ঝরে না যায়, সেই লক্ষ্যেই আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। তাদের ছোট্ট মুখের হাসি, চোখের স্বপ্ন ও সুন্দর ভবিষ্যৎই আমাদের পথচলার সবচেয়ে বড় অনুপ্রেরণা। আমরা বিশ্বাস করি, আজকের একটি ছোট্ট উদ্যোগই আগামী দিনের একটি সুন্দর জীবন গড়ে দিতে পারে।”শুধু শিক্ষাদানেই থেমে নেই এই তরুণদের স্বপ্ন। তারা চান, এই শিশুরা একদিন নিজেদের পায়ে দাঁড়াক। সমাজে মাথা উঁচু করে বাঁচুক। যে শিশুটি আজ খোলা আকাশের নিচে বসে অ আ ক খ কিংবা ইংরেজি বর্ণমালা শিখছে, একদিন হয়তো সেই শিশুই হয়ে উঠবে কোনো পরিবারের আশার আলো।সিআরসি ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার উপদেষ্টা ও ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক ড. আপরোজা বুলবুল বলেন, “সামর্থ্যের মধ্যে থেকে মানুষের সেবা করা সবারই উচিত। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পড়াশোনার ব্যস্ততার পাশাপাশি নিজেদের পকেট খরচ ও টিফিনের টাকা বাঁচিয়ে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার ব্যবস্থা করেছেন এটি অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ।”তিনি বলেন, “কাম ফর রোড চাইল্ড কোনো রাজনৈতিক সংগঠন নয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একত্রিত হয়ে পিছিয়ে পড়া শিশুদের সুন্দর ভবিষ্যতের দিকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে কাজ করছে। তাদের সঙ্গে থাকতে এবং বিভিন্ন কার্যক্রমে অংশ নিতে পেরে আমি আনন্দিত।”চরশান্তি ডাঙার এই খোলা আকাশের পাঠশালায় তাই শুধু পড়াশোনা হয় না; তৈরি হয় স্বপ্ন দেখার সাহস। এখানে বইয়ের পাতার পাশাপাশি শিশুরা শেখে তাদের জীবনও বদলাতে পারে, তাদের ভবিষ্যৎও সুন্দর হতে পারে।একটি ঘণ্টা পাঠদান শেষে যখন শিশুরা বাড়ির পথে ফিরে যায়, তখন হয়তো মাঠে পড়ে থাকে কয়েকটি খাতা, কিছু চক-কলম আর আঁকা কয়েকটি ছবি। কিন্তু সেই ছবির ভেতরেই থেকে যায় বড় বড় স্বপ্ন।আর সেই স্বপ্নগুলোকে বাঁচিয়ে রাখতে প্রতিদিন বিকেলে আবারও খোলা আকাশের নিচে বসে সিআরসি স্কুল যেখানে ২৫টি শিশুর হাতে বই, আর চোখে একটি সুন্দর ভবিষ্যতের স্বপ্ন।
প্রকাশক: শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক: কাইয়ুম তালুকদার
উপদেষ্টা সম্পাদক: ড. জাহিদ আহমেদ চৌধুরী
জহুরুল ইসলাম সিটি সোসাইটি, হাউস-২, রোড-৬, ব্লক-কে, আফতাবনগর, ঢাকা ১২১২।
কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা