প্রিন্ট এর তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬
টাইমস হায়ার এডুকেশন র্যাঙ্কিংয়ে দেশে যৌথভাবে দ্বিতীয় গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়
আবু সাঈদ, গাজীপুর ||
টাইমস হায়ার এডুকেশন (THE) ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং ২০২৭-এ বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যৌথভাবে দ্বিতীয় স্থান অর্জন করেছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি)। আন্তর্জাতিক পর্যায়ে বিশ্ববিদ্যালয়টির অবস্থান ১০০১ থেকে ১২০০-এর মধ্যে।বুধবার (৩০ সেপ্টেম্বর) যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন তাদের ওয়েবসাইটে ২০২৭ সালের বিশ্ব বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিং প্রকাশ করে।এবারের র্যাঙ্কিংয়ে বিশ্বের ১১৮টি দেশ ও অঞ্চলের ২ হাজার ২৯৭টি বিশ্ববিদ্যালয়কে মূল্যায়ন করা হয়েছে। শিক্ষাদান, গবেষণার পরিবেশ, গবেষণার গুণগত মান, শিল্পের সঙ্গে সংশ্লিষ্টতা এবং আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি—এই পাঁচটি ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলোর কার্যক্রম মূল্যায়ন করা হয়।এর মধ্যে ‘গুণগত শিক্ষাদান’ সূচকে বাংলাদেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়।সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন আন্তর্জাতিক র্যাঙ্কিংয়েও ধারাবাহিক সাফল্য অর্জন করেছে গাকৃবি। সাসটেইনেবিলিটি ইমপ্যাক্ট রেটিং ২০২৬-এ দেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম হয়েছে প্রতিষ্ঠানটি। একই র্যাঙ্কিংয়ে এসডিজি-১ (দারিদ্র্যমুক্তি) সূচকে বিশ্বে ৮২তম, এসডিজি-২ (ক্ষুধামুক্তি) সূচকে ৬৬তম এবং এসডিজি-৪ (মানসম্মত শিক্ষা) সূচকে ১০১-২০০-এর মধ্যে অবস্থান করেছে বিশ্ববিদ্যালয়টি।এ ছাড়া THE ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং ২০২৫ ও ২০২৬-এর বিভিন্ন সূচকেও দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম স্থান অর্জন করেছে গাকৃবি। ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংস ফর ইনোভেশন (WURI) ২০২৬-এ বাংলাদেশের একমাত্র সরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে ‘ফিন্যান্সিয়াল ইমপ্যাক্ট ড্রাইভেন টেকনোলজি ট্রান্সফার’ ক্যাটাগরিতে বিশ্বে ২৩তম হয়েছে প্রতিষ্ঠানটি।অন্যদিকে, কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি সাসটেইনেবিলিটি র্যাঙ্কিংস ২০২৬-এ দেশের কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম স্থান অর্জন করেছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়।এ ছাড়া বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজিত ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’-এ দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে প্রতিযোগিতা করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে গাকৃবি।র্যাঙ্কিংয়ে এই সাফল্যে সন্তোষ প্রকাশ করে গাকৃবির উপাচার্য অধ্যাপক ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেন, আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে গাকৃবির ধারাবাহিক অগ্রগতি বিশ্ববিদ্যালয় পরিবারের সম্মিলিত প্রচেষ্টার স্বীকৃতি। বিশেষ করে গুণগত শিক্ষাদানে দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দ্বিতীয় স্থান অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ।তিনি আরও বলেন, র্যাঙ্কিং শুধু অবস্থান বা স্বীকৃতির বিষয় নয়; বরং শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনের মান আরও উন্নত করার একটি দর্পণ। গাকৃবিকে বিশ্বমানের কৃষি বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে বিশ্ববিদ্যালয়ের প্রচেষ্টা অব্যাহত থাকবে।
প্রকাশক: শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক: কাইয়ুম তালুকদার
উপদেষ্টা সম্পাদক: ড. জাহিদ আহমেদ চৌধুরী
জহুরুল ইসলাম সিটি সোসাইটি, হাউস-২, রোড-৬, ব্লক-কে, আফতাবনগর, ঢাকা ১২১২।
কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা