প্রিন্ট এর তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬
গাজীপুরে প্রিজম ভ্যানের চাপায় বৃদ্ধার মৃত্যু
আবু সাঈদ, গাজীপুর ||
গাজীপুর মহানগরীর রাজবাড়ী রোডে সড়ক পারাপারের সময় প্রিজম ভ্যানের চাপায় গৌরী রানী (৬৫) নামে এক নারী নিহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে রেল কোচিং এলাকার কাজী মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।নিহত গৌরী রানী ঢাকার গেন্ডারিয়া এলাকার নারায়ণ চন্দ্র দাসের স্ত্রী। বর্তমানে তিনি সন্তানদের সঙ্গে গাজীপুর মহানগরীর বোর্ডবাজার এলাকায় বসবাস করতেন।নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকালে চিকিৎসা ও ওষুধ কেনার জন্য বোর্ডবাজার থেকে গাজীপুর শহরের দিকে আসেন গৌরী রানী। পরে রাজবাড়ী রোডের রেল ক্রসিং সংলগ্ন কাজী মার্কেটের সামনে সড়ক পার হওয়ার সময় একটি প্রিজম ভ্যানের নিচে চাপা পড়েন তিনি। প্রত্যক্ষদর্শীদের দাবি, ভ্যানটি আসামি নিয়ে গাজীপুর আদালত এলাকায় যাচ্ছিল। দুর্ঘটনার পর ভ্যানটি ঘটনাস্থল থেকে চলে যায়।গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন ও পুলিশ তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।গাজীপুর সদর থানার ওসি আমিনুল ইসলাম জানান, অজ্ঞাত একটি গাড়ির চাপায় গৌরী রানীর মৃত্যু হয়েছে। তবে প্রত্যক্ষদর্শীরা গাড়িটি প্রিজম ভ্যান বলে দাবি করেছেন। দুর্ঘটনার ভিডিওটি পর্যালোচনা করে ঘটনার প্রকৃত কারণ ও সংশ্লিষ্ট গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে।পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সঙ্গে জড়িত গাড়ি শনাক্ত করা গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশক: শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক: কাইয়ুম তালুকদার
উপদেষ্টা সম্পাদক: ড. জাহিদ আহমেদ চৌধুরী
জহুরুল ইসলাম সিটি সোসাইটি, হাউস-২, রোড-৬, ব্লক-কে, আফতাবনগর, ঢাকা ১২১২।
কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা