প্রিন্ট এর তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬
ভেরিফিকেশনের নামে চাকরিপ্রার্থী বাদ দেওয়ার অভিযোগ, চবিতে চাকসুর বিক্ষোভ
মো. রাব্বি হোসেন, চবি ||
সরকারি চাকরির নিয়োগে ভেরিফিকেশনের নামে উত্তীর্ণ প্রার্থীদের বাদ দেওয়ার অভিযোগ তুলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বিক্ষোভ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)।রোববার (২৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে চাকসুর নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন। ‘চাকরি নিয়ে প্রহসন চলবে না’, ‘চাকরি নিয়ে টালবাহানা চলবে না’ এবং ‘প্ল্যান প্ল্যান কিসের প্ল্যান, ভেরিফিকেশনের মাস্টার প্ল্যান’সহ বিভিন্ন স্লোগান দেন তারা।কর্মসূচিতে চাকসুর জিএস সাঈদ বিন হাবিব বলেন, "রাষ্ট্রায়ত্ত বিভিন্ন প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে লোক বসানোর অভিযোগ রয়েছে। একই সঙ্গে সরকারি চাকরির নিয়োগেও দলীয়করণের চেষ্টা চলছে বলে দাবি করেন তিনি।"তিনি বলেন, “ক্ষমতায় আসার পর রাষ্ট্রায়ত্ত যে ১১টি প্রতিষ্ঠান আছে, প্রায় প্রত্যেক জায়গায় বিএনপি তাদের নেতাকর্মীদের বসিয়েছে। অথচ প্রত্যেকটি জায়গা ছিল সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সচিব পদমর্যাদার চেয়ারম্যানদের জন্য।”সাঈদ বিন হাবিব আরও বলেন, "জুলাইয়ের আন্দোলনের মধ্য দিয়ে জনগণের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, সরকারকে সেই আকাঙ্ক্ষার আলোকে দেশ পরিচালনা করতে হবে।"চাকসুর যোগাযোগ ও আবাসনবিষয়ক সম্পাদক ইসহাক ভূঁইয়া বলেন, "চাকরিপ্রার্থীরা দীর্ঘ প্রস্তুতির পর প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশ নেন। কিন্তু নিয়োগের শেষ পর্যায়ে এসে ভেরিফিকেশনের নামে তাদের বাদ দেওয়ার প্রক্রিয়া শুরু হচ্ছে।"তিনি আরও বলেন, “শিক্ষার্থীরা পড়াশোনা করে প্রিপারেশন নিয়ে প্রিলি, রিটেন দিয়ে যখন ভাইবার মুখোমুখি হয়, তখনই সরকারের প্ল্যান শুরু হয়।”সরকারের উদ্দেশে তিনি বলেন, “আপনারা যদি পাঁচ বছর সরকারে থাকতে চান, তাহলে এ দেশের জনগণের বিরুদ্ধে যায় এমন সিদ্ধান্ত নেবেন না।”বিক্ষোভ থেকে চাকরির নিয়োগপ্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং ভেরিফিকেশনের নামে উত্তীর্ণ প্রার্থীদের বাদ দেওয়ার অভিযোগের অবসান দাবি করেন চাকসুর নেতাকর্মীরা।
প্রকাশক: শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক: কাইয়ুম তালুকদার
উপদেষ্টা সম্পাদক: ড. জাহিদ আহমেদ চৌধুরী
জহুরুল ইসলাম সিটি সোসাইটি, হাউস-২, রোড-৬, ব্লক-কে, আফতাবনগর, ঢাকা ১২১২।
কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা