প্রিন্ট এর তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬
জাবিতে সাংবাদিকদের এআই ও ফ্যাক্ট-চেকিং প্রশিক্ষণ
নাফিজ আল জাকারিয়া, জাবি ||
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) কর্মরত গণমাধ্যম প্রতিনিধিদের জন্য আয়োজিত তিন দিনব্যাপী ‘মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং’ বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।রবিবার (২৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে তিনটায় প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত এ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানটি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেলের (আইকিউএসি) প্রশিক্ষণ কক্ষে অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম।প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য ড. মো. নূরুল ইসলাম বলেন, “বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল ছাত্র সংগঠন, সাংস্কৃতিক সংগঠন ও সাংবাদিক সমিতি ঐক্যবদ্ধ হলে কোনো অপশক্তিই টিকতে পারে না। তবে অন্যায়ের বিরুদ্ধে লড়তে গিয়ে নিজেদের মধ্যকার গণতান্ত্রিক ও সৃজনশীল চর্চা যেন হারিয়ে না যায়, সেদিকে খেয়াল রাখা জরুরি।”তিনি আরও বলেন, “সাংবাদিকতায় সাহস ও সততার পাশাপাশি গঠনমূলক দৃষ্টিভঙ্গি ও জবাবদিহিতা প্রয়োজন। চাঞ্চল্য সৃষ্টি না করে বস্তুনিষ্ঠ তথ্য প্রকাশ করাই সাংবাদিকতার মূল শর্ত। প্রশিক্ষণ কৌশল শেখালেও সত্যের পক্ষে দাঁড়ানোর নীতিবোধ নিজেকেই অর্জন করতে হয়।”উপাচার্য বলেন, “নিউ মিডিয়া ও সোশ্যাল মিডিয়ার যুগে যেকোনো নাগরিক তথ্য ছড়িয়ে দিতে পারছেন। এ বাস্তবতায় টিকে থাকতে হলে মূলধারার তরুণ সাংবাদিকদের শুধু আবেগ দিয়ে চললে হবে না; কাজের সুনির্দিষ্ট উৎকর্ষতা, বয়ানের সততা ও পেশাগত দক্ষতা অর্জন করতে হবে।”অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে পিআইবি'র মহাপরিচালক ফারুক ওয়াসিফ বলেন, “প্রযুক্তির যুগে ভুয়া তথ্য বিভ্রান্তি ছড়ালেও সত্য কখনো ঢাকা থাকে না। তাই সাংবাদিকদের অবশ্যই এআই ও ফ্যাক্ট-চেকিং টুলস আত্মস্থ করতে হবে।”তিনি আরও বলেন, “ব্যক্তিগত আক্রমণ নয়, সমালোচনা হতে হবে কাজের ওপর। সংবাদের ক্ষেত্রে আংশিক তথ্য না নিয়ে পুরো প্রেক্ষাপট বজায় রাখা প্রয়োজন। সততা ও মানবিকতার সাথেই প্রকৃত সাফল্য আসে।”অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সোহেল রানা।উল্লেখ্য, তিন দিনব্যাপী এ প্রশিক্ষণে জাবিতে কর্মরত সংবাদকর্মীরা মাল্টিমিডিয়া সাংবাদিকতা, সংবাদ তৈরিতে এআই প্রযুক্তির ব্যবহার এবং ফ্যাক্ট-চেকিংয়ের আধুনিক কৌশল নিয়ে হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণ করেন।
প্রকাশক: শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক: কাইয়ুম তালুকদার
উপদেষ্টা সম্পাদক: ড. জাহিদ আহমেদ চৌধুরী
জহুরুল ইসলাম সিটি সোসাইটি, হাউস-২, রোড-৬, ব্লক-কে, আফতাবনগর, ঢাকা ১২১২।
কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা