প্রিন্ট এর তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬
আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে জবির দ্বিতীয় সমাবর্তন, রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে উপাচার্য
অমিদ হাসান অমি , জবি ||
দীর্ঘ প্রতীক্ষার পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠিত হবে আগামী ৩০ জানুয়ারি ২০২৭ তারিখ। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সম্মতিতে এ তারিখ নির্ধারণ করা হয়েছে।সোমবার (২১ সেপ্টেম্বর) বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জবি উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল।সাক্ষাৎকালে সমাবর্তন আয়োজনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। পরে উপাচার্য নিজের ফেসবুক পোস্টে আগামী ৩০ জানুয়ারি সমাবর্তন অনুষ্ঠিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।উপাচার্য তাঁর পোস্টে জানান, রাষ্ট্রপতি ও জবি চ্যান্সেলরের পূর্বসম্মতিতেই দ্বিতীয় সমাবর্তনের তারিখ নির্ধারিত হয়েছে। এখন সমাবর্তনকে সামনে রেখে পুরোদমে প্রস্তুতি নেওয়া হবে বলেও জানান তিনি।এদিকে, রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎকালে জবি উপাচার্য বিশ্ববিদ্যালয়ের সার্বিক একাডেমিক কার্যক্রম সম্পর্কে তাঁকে অবহিত করেন। রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন এবং বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তিনির্ভর শিক্ষার প্রসারে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। বৈশ্বিক অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে চলতে শিক্ষার্থীদের একাধিক ভাষায় দক্ষতা অর্জনের ওপরও গুরুত্ব দেন তিনি।সাক্ষাৎকালে উপাচার্য আসন্ন সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের আচার্য হিসেবে রাষ্ট্রপতিকে উপস্থিত থাকার জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করে সমাবর্তনে উপস্থিত থাকার আশ্বাস দেন।এর আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছিল ২০২০ সালের ১১ জানুয়ারি। এরপর দ্বিতীয় সমাবর্তনের অপেক্ষায় ছিলেন বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটরা। দীর্ঘদিন পর দ্বিতীয় সমাবর্তনের তারিখ ঘোষণায় বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের মধ্যে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে।সমাবর্তনকে সামনে রেখে এখন আনুষ্ঠানিক প্রস্তুতি এগিয়ে নেওয়া হবে। অনুষ্ঠানের স্থান, গ্র্যাজুয়েটদের নিবন্ধন, পোশাক, অনুষ্ঠানসূচি ও অন্যান্য ব্যবস্থাপনার বিষয়ে পরবর্তী সময়ে বিস্তারিত জানাবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবরা এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও ট্রেজারার উপস্থিত ছিলেন।
প্রকাশক: শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক: কাইয়ুম তালুকদার
উপদেষ্টা সম্পাদক: ড. জাহিদ আহমেদ চৌধুরী
জহুরুল ইসলাম সিটি সোসাইটি, হাউস-২, রোড-৬, ব্লক-কে, আফতাবনগর, ঢাকা ১২১২।
কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা