প্রিন্ট এর তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬
পূর্ণাঙ্গ মাস্টারপ্ল্যান ছাড়া জাবিতে নির্মাণকাজ বন্ধের দাবি
নাফিজ আল জাকারিয়া, জাবি ||
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) পূর্ণাঙ্গ মাস্টারপ্ল্যান ছাড়াই অপরিকল্পিতভাবে রাস্তা সংস্কার ও ফুটপাত নির্মাণের কাজ বন্ধের দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছেন একদল শিক্ষার্থী। আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে ‘জাহাঙ্গীরনগর বাঁচাও আন্দোলন’-এর ব্যানারে স্মারকলিপিটি জমা দেন শিক্ষার্থীরা। উপাচার্য অনুপস্থিত থাকায় তাঁর পক্ষ থেকে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ নজরুল ইসলাম স্মারকলিপিটি গ্রহণ করেন।স্মারকলিপিতে বলা হয়েছে, “শিক্ষার্থীদের প্রাণের দাবি মাস্টারপ্ল্যান বাস্তবায়নের কাজ প্রায় সম্পন্ন। কিন্তু অত্যন্ত দুঃখজনক যে, প্রশাসন সেদিকে অগ্রসর না হয়ে রাস্তা সংস্কার ও ফুটপাত নির্মাণের কাজ শুরু করতে যাচ্ছে। কোনো ধরনের দীর্ঘমেয়াদি পরিকল্পনা ব্যতীত ফুটপাত ও রাস্তার সংস্কার করা হলে তা টেকসই হবে না। কারণ, রাস্তার দুই পাশে ফুটপাত হলে পানি নিষ্কাশন ব্যবস্থার প্রয়োজন পড়বে, যা সেন্ট্রাল স্যুয়ারেজ সিস্টেম ব্যতীত বাস্তবায়ন করা সম্ভব নয়। তাই মহাপরিকল্পনার অংশ হিসেবে সেন্ট্রাল স্যুয়ারেজ সিস্টেম বাস্তবায়ন করা জরুরি।”দ্রুততম সময়ের মধ্যে মাস্টারপ্ল্যানের কাজ দৃশ্যমান করার আহ্বান জানিয়ে স্মারকলিপিতে স্বাক্ষর করেন ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সভাপতি অদ্রি অংকুর, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সংগঠক সজিব আহম্মেদ জেনিচ, বিপ্লবী ছাত্র মৈত্রীর সংগঠক সোমা ডুমরি এবং জাহাঙ্গীরনগর বাঁচাও আন্দোলনের সংগঠক সানজিদা আফরিন।এ বিষয়ে ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সাধারণ সম্পাদক ফাইযান আহমেদ অর্ক বলেন, “ আমরা বিভিন্ন মাধ্যমে শুনেছি মাস্টারপ্ল্যান প্রণয়নের কাজ অনেকটা এগিয়ে গেছে এবং কিছুদিনের ভেতরেই আমরা তা পেয়ে যাব। ফুটপাত থেকে শুরু করে পার্কিং, সাইকেল ট্র্যাক—এসবই মাস্টারপ্ল্যানের অন্তর্গত। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনের এসবের প্রতি কোনো আগ্রহ নেই। তারা মাস্টারপ্ল্যান চালু না করে হাসিনা সরকারের আমলে নেওয়া তৎকালীন উপাচার্য ফারজানা ইসলামের অধিকতর উন্নয়ন প্রকল্প থেকে অপরিকল্পিতভাবে প্রকৃতির ক্ষতি করে আবারও রাস্তার কাজে হাত দিচ্ছে। আজকে আবহাওয়া খারাপ থাকায় আমরা বড় কর্মসূচি করতে পারিনি, তবে স্মারকলিপির মাধ্যমে আমরা এই কাজ বন্ধ করার জন্য সতর্কবার্তা দিয়েছি।”
প্রকাশক: শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক: কাইয়ুম তালুকদার
উপদেষ্টা সম্পাদক: ড. জাহিদ আহমেদ চৌধুরী
জহুরুল ইসলাম সিটি সোসাইটি, হাউস-২, রোড-৬, ব্লক-কে, আফতাবনগর, ঢাকা ১২১২।
কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা