প্রিন্ট এর তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬
জামায়াতের ২০০ জনের বিএনপিতে যোগদানের দাবি মিথ্যা- পৌর জামায়াত আমীর
নিউজ ডেস্ক ||
লক্ষ্মীপুরের রামগতিতে জামায়াতের ১ নম্বর ওয়ার্ডের সাবেক সেক্রেটারি হাসান উদ্দিন রাসেলের নেতৃত্বে দুই শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদানের খবরকে ‘মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন’ দাবি করেছে রামগতি পৌর জামায়াত।বুধবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন রামগতি পৌর জামায়াতের আমীর মাওলানা আবুল খায়ের মো. ইসমাইল। তবে ১২ সেপ্টেম্বরের যোগদান নিয়ে প্রকাশিত কয়েকটি প্রতিবেদনে হাসান উদ্দিন রাসেলের নেতৃত্বে দুই শতাধিক জামায়াত নেতাকর্মী বিএনপিতে যোগ দেওয়ার দাবি করা হয়েছিল।সংবাদ সম্মেলনে পৌর জামায়াতের আমীর বলেন, প্রকাশিত সংবাদে হাসান উদ্দিন রাসেলকে রামগতি পৌর জামায়াতের ১ নম্বর ওয়ার্ড সেক্রেটারি হিসেবে উল্লেখ করা হলেও তিনি অনেক আগেই ওই দায়িত্বে ছিলেন। প্রায় দুই বছর আগে তার সাংগঠনিক নিয়ম-কানুন ও সিদ্ধান্তবহির্ভূত কর্মকাণ্ডের কারণে সংগঠনের সঙ্গে তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বলে দাবি করেন তিনি।মাওলানা আবুল খায়ের বলেন, ২০২৫ সালের মার্চে হাসান উদ্দিন রাসেল ১ নম্বর ওয়ার্ড সংগঠনের সঙ্গে যোগাযোগ করে কাউন্সিলর প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেন। পরে ওয়ার্ড সংগঠন তৃণমূলের মতামত নেওয়ার উদ্যোগ নিলেও তার পক্ষে কোনো মতামত পাওয়া যায়নি। এরপর তিনি বিএনপি থেকে প্রার্থী হওয়ার জন্য যোগাযোগ করেন এবং গত ১২ সেপ্টেম্বর বিএনপিতে যোগ দেন।তিনি বলেন, হাসান উদ্দিন রাসেলের বিএনপিতে যোগদানের বিষয়টি সত্য; তবে তিনি একাই বিএনপিতে যোগ দিয়েছেন। তার সঙ্গে রামগতি পৌর জামায়াতের অন্য কোনো জনশক্তি বিএনপিতে যোগ দেয়নি।সংবাদ সম্মেলনে মাওলানা আবুল খায়ের বলেন, যাচাই-বাছাই ছাড়া কোনো সংবাদ প্রচার করা হলে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হতে পারে। এ ধরনের সংবাদ প্রকাশের আগে সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য যাচাই করার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তিনি।একই সঙ্গে রামগতি পৌর বিএনপির প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সত্য ও দায়িত্বশীল রাজনীতির স্বার্থে ভবিষ্যতে এ ধরনের প্রচারণা থেকে বিরত থাকা উচিত এবং জনগণের সামনে সঠিক তথ্য তুলে ধরা প্রয়োজন।সংবাদ সম্মেলনে রামগতি পৌর জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দ ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
প্রকাশক: শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক: কাইয়ুম তালুকদার
উপদেষ্টা সম্পাদক: ড. জাহিদ আহমেদ চৌধুরী
জহুরুল ইসলাম সিটি সোসাইটি, হাউস-২, রোড-৬, ব্লক-কে, আফতাবনগর, ঢাকা ১২১২।
কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা