প্রিন্ট এর তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬
তদন্তসহ ছয় দফা দাবিতে জাবিতে ছাত্রশক্তির মানববন্ধন
নাফিজ আল জাকারিয়া, জাবি ||
জাকসু ও হল সংসদের আবাসন বৈষম্য বাতিল, পদোন্নতি বোর্ডের অনিয়ম এবং জাকসু ভিপির সঙ্গে ছাত্রলীগের সংশ্লিষ্টতার অভিযোগ তদন্তসহ ছয় দফা দাবিতে মানববন্ধন করেছে জাতীয় ছাত্রশক্তি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) সংসদের নেতা-কর্মীরা। রোববার (১৩ সেপ্টেম্বর) বেলা ৩টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।এর আগে গত ১৯ আগস্ট চার দফা দাবিতে প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েছিল সংগঠনটি। সদ্য যুক্ত হওয়া দুটি দাবিসহ মোট ছয়টি দাবির বিষয়ে দ্রুত তদন্ত কমিটি গঠন ও ব্যবস্থা না নেওয়া হলে রেজিস্ট্রার ভবন ঘেরাও করা হবে বলে মানববন্ধন থেকে হুঁশিয়ারি দেন ছাত্রশক্তির নেতারা।ছাত্রশক্তির উত্থাপিত ছয় দফা দাবিগুলো হচ্ছে- জাকসু ও হল সংসদ নেতাদের বৈষম্যমূলক আবাসন সংক্রান্ত প্রজ্ঞাপন বাতিল, কর্মচারী-কর্মকর্তা নিয়োগ ও পদোন্নতি বোর্ডে আর্থিক লেনদেনের অভিযোগের তদন্ত, অটোরিকশা ও দোকান থেকে চাঁদা আদায়ের অভিযোগে জাকসু ভিপি আবদুর রশিদ জিতু এবং সালাম-বরকত হলের ভিপির বিরুদ্ধে তদন্ত, ফজিলাতুন্নেছা হলের ভিপি ঐশী সরকারের বিরুদ্ধে ট্রেজারি ফান্ডের টাকা আত্মসাতের অভিযোগের তদন্ত, ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আটক আসাদুল আলম শেখের বিরুদ্ধে সাইবার আইনের বদলে সন্ত্রাসবিরোধী আইনে মামলা, জাকসু ভিপি আবদুর রশিদ জিতু এবং জুলাই হামলায় অভিযুক্ত শিক্ষক হোসনে আরা বেবির সঙ্গে নিষিদ্ধ ছাত্রলীগের যোগাযোগের অভিযোগ তদন্ত করে ব্যবস্থা গ্রহণ।মানববন্ধনে ছাত্রশক্তি জাবি সংসদের সভাপতি জিয়া উদ্দিন আয়ান বলেন, “আমরা গত ১৯ আগস্ট প্রশাসনের কাছে চার দফা দাবিতে স্মারকলিপি দিয়েছিলাম, কিন্তু এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। জাকসু ভিপি আবদুর রশিদ জিতুর বিরুদ্ধে চাঁদা আদায় এবং নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে ইন্ধন দেওয়ার সুস্পষ্ট অভিযোগ উঠেছে। গণমাধ্যমে আমরা দেখেছি, তিনি এক ছাত্রলীগ কর্মীকে বলেছেন, "আমি জেতা মানে তোরাই জেতা।" তাঁর এমন বার্তা প্রমাণ করে, তিনি ছাত্রলীগকে শেল্টার দিচ্ছেন। জুলাই শহীদদের সঙ্গে বেইমানি করা এই ভিপির বিরুদ্ধে দ্রুত তদন্ত কমিটি গঠন করতে হবে। তা না হলে আমরা বুঝব উপাচার্য নিজেই তাকে শেল্টার দিচ্ছেন।”তিনি আরও বলেন, “নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে সরাসরি যোগাযোগের প্রমাণ পাওয়ার পরও আসাদুল আলম শেখকে কেন সাইবার সিকিউরিটি আইনে মামলা দেওয়া হলো? তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করতে হবে। এ ছাড়া ফজিলাতুন্নেছা হলের ভিপি ঐশী সরকার ট্রেজারি ফান্ডের ৬০ হাজার টাকা আত্মসাৎ করেছেন, যার সঙ্গে প্রশাসনের কোনো একটি অংশ জড়িত থাকতে পারে বলে আমরা সন্দেহ করছি। এসব অভিযোগের তদন্ত না হলে বিশ্ববিদ্যালয় দুর্নীতির কারখানায় পরিণত হবে।”ছাত্রশক্তির জাবি সংসদের সাধারণ সম্পাদক নাদিয়া রহমান অন্বেষা বলেন, “জুলাই-পরবর্তী সময়ে আমরা ক্যাম্পাসে কোনো ধরনের পাওয়ার প্র্যাকটিসের রাজনীতি দেখতে চাই না। কিন্তু আমরা দেখছি, একটি দলের ভিপি প্রশাসনকে ফাঁকি দিয়ে জায়গা বরাদ্দ দেওয়ার নামে একটি কোম্পানির কাছ থেকে ৬০ হাজার টাকা আত্মসাৎ করেছেন। আবার জরুরি কাজের অজুহাতে টেন্ডার ছাড়া প্রকল্প দিয়ে অতিরিক্ত টাকা বের করা হচ্ছে।”তিনি আরও বলেন, “জাকসু ভিপি ইনবক্সে পরীক্ষিত এক ছাত্রলীগ কর্মীকে বলেছেন, তিনি (জিতু) ভিপি না হলে তারা বিপদে পড়বে। ক্যাম্পাসে ছাত্রলীগের যত কর্মসূচি হয়, সিসি ক্যামেরার তথ্য যেখানে পাচার হয় তার পেছনে নিশ্চয়ই জাকসু নেতাদের মদদ আছে।”এছাড়াও হুঁশিয়ারি দিয়ে অন্বেষা বলেন, “রাজনৈতিক দুশ্চরিত্রের মতো আচরণ করলে শিক্ষার্থীরা তাকে (জিতু) প্রত্যাখ্যান করবে। প্রশাসন যদি দ্রুত এসব বিষয়ে তদন্ত কমিটি না করে, তবে আগামীতে আমরা রেজিস্ট্রার ভবন ঘেরাও করতে বাধ্য হব।”উল্লেখ্য, আজ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। অনুষ্ঠিতব্য এ সিন্ডিকেট সভায় এসব বিষয়ে জরুরি প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়ার দাবি জানান ছাত্রশক্তির নেতারা।
প্রকাশক: শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক: কাইয়ুম তালুকদার
উপদেষ্টা সম্পাদক: ড. জাহিদ আহমেদ চৌধুরী
জহুরুল ইসলাম সিটি সোসাইটি, হাউস-২, রোড-৬, ব্লক-কে, আফতাবনগর, ঢাকা ১২১২।
কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা