প্রিন্ট এর তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬
জাবিতে রেজিস্ট্রার ভবনে তালা, ক্রিকেট খেলে অভিনব প্রতিবাদ
নাফিজ আল জাকারিয়া, জাবি ||
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আ ফ ম কামালউদ্দিন হলের খেলার মাঠ ও অভ্যন্তরীণ অবকাঠামো সংস্কারের দাবিতে রেজিস্ট্রার ভবনের প্রধান ফটকে তালা দিয়ে অবরোধ কর্মসূচি পালন করেছেন হলটির আবাসিক শিক্ষার্থীরা। প্রশাসনের দীর্ঘসূত্রতার প্রতিবাদে আজ রোববার (৬ সেপ্টেম্বর) ভবনের সামনে ক্রিকেট খেলে ক্ষোভ প্রকাশ করেন তারা।শিক্ষার্থীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সম্প্রসারণকাজের সময় আ ফ ম কামালউদ্দিন হলের একমাত্র খেলার মাঠটি ক্ষতিগ্রস্ত হয়। কাজ শেষ হওয়ার পর মাঠটি পুনরায় খেলার উপযোগী করে দেওয়ার কথা থাকলেও গত তিন-চার বছরে তা আর বাস্তবায়িত হয়নি। ফলে দীর্ঘদিন ধরে খেলাধুলার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন আবাসিক শিক্ষার্থীরা।তাঁদের আরও অভিযোগ, ক্যাম্পাসের অন্যান্য আবাসিক হলে পর্যাপ্ত সুযোগ-সুবিধা ও খেলার মাঠ থাকলেও কামালউদ্দিন হল এ ক্ষেত্রে পিছিয়ে। এ ছাড়া হলের ভেতরে পর্যাপ্ত সংযোগ-রাস্তা না থাকায় শিক্ষার্থীদের চলাচলে বিশেষ করে মোটরসাইকেল বা অন্যান্য যানবাহন নিয়ে যাতায়াতে চরম ভোগান্তিতে পড়তে হয়।এর আগে গত ২৭শে আগস্ট দাবি আদায়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি দেয় আ ফ ম কামালউদ্দিন হল সংসদ। সে সময় প্রশাসনের সঙ্গে অনুষ্ঠিত একটি সমন্বয় সভাকে ‘দায়সারা ও কালক্ষেপণ’ আখ্যা দিয়ে তা বর্জন করেন শিক্ষার্থীরা। পাশাপাশি দাবি বাস্তবায়নে ৩ সেপ্টেম্বর পর্যন্ত পাঁচ কর্মদিবসের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল।এসময় চার দফা দাবি জানান শিক্ষার্থীরা। দাবিগুলো হলো- হলের চতুর্থ তলার সম্পূর্ণ ছাদ সংস্কার এবং ওয়াশরুম-সংলগ্ন ১৯টি কক্ষের দেয়ালে টাইলস স্থাপন, হলের মাঝের অংশে অভ্যন্তরীণ সংযোগ-রাস্তা নির্মাণ, খেলার মাঠের সংস্কারকাজ দ্রুত শুরু করা ও হলের চারপাশের কাঁটাতারের নিরাপত্তাবেষ্টনী পুনঃস্থাপন।এ বিষয়ে কামালউদ্দিন হলের ৫০তম ব্যাচের আবাসিক শিক্ষার্থী শিমুল হাসান বলেন, “লাইব্রেরির সম্প্রসারণ কাজের কারণে আমাদের মাঠটি নষ্ট হয়েছিল। দ্রুত এটি সংস্কার করে দেওয়ার আশ্বাস দেওয়া হলেও তা বাস্তবায়ন হয়নি। হল সংসদ ও শিক্ষার্থীরা একাধিকবার বিষয়টি প্রশাসনের নজরে আনলেও টেন্ডার প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা দেখা যাচ্ছে। অন্যান্য হলের মতো আমাদের ন্যূনতম সুযোগ-সুবিধা নেই। দ্রুত এই সংস্কারকাজ শুরু করতে হবে।”আ ফ ম কামালউদ্দিন হল সংসদের জিএস আবরার হোসেন বলেন, “দায়িত্ব নেওয়ার পর গত এক বছর ধরে আমরা লিখিত ও মৌখিকভাবে প্রশাসনের কাছে দাবিগুলো জানিয়ে আসছি। কিন্তু প্রতিবারই কোনো না কোনো কারণে বিষয়টি পিছিয়ে দেওয়া হয়েছে। গত ২৭ আগস্ট উপাচার্য, দুই সহ-উপাচার্য ও কোষাধ্যক্ষকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছিল। নির্ধারিত সময়ের মধ্যে কাজের দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় সাধারণ শিক্ষার্থীদের নিয়ে প্রশাসনিক ভবন অবরোধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”এছাড়াও শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে জানান, মাঠ সংস্কারসহ চার দফা দাবি বাস্তবায়নে কার্যকর ও দৃশ্যমান উদ্যোগ না নেওয়া পর্যন্ত তাদের এই অবস্থান ও অবরোধ কর্মসূচি অব্যাহত থাকবে।
প্রকাশক: শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক: কাইয়ুম তালুকদার
উপদেষ্টা সম্পাদক: ড. জাহিদ আহমেদ চৌধুরী
জহুরুল ইসলাম সিটি সোসাইটি, হাউস-২, রোড-৬, ব্লক-কে, আফতাবনগর, ঢাকা ১২১২।
কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা