প্রিন্ট এর তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬
নবীনদের হাতে লেখা চিঠিতে ইবিতে ফিরল পুরোনো দিনের আবেগ
মাওয়াজুর রহমান , ইবি ||
অভিনব উদ্যোগে আন্তর্জাতিক চিঠি দিবস উদযাপন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পরিবেশবাদী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন অভয়ারণ্য। দিবসটি উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের দেড়শ শিক্ষক ও শিক্ষার্থীকে শুভেচ্ছা চিঠি প্রেরণ করে সংগঠনটি। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দিনব্যাপী এ কর্মসূচি পালন করে তারা।জানা যায়, আন্তর্জাতিক চিঠি দিবস-২০২৬ পালনের জন্য সংগঠনটির ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন সদস্যদের শুভেচ্ছা চিঠি লেখার দায়িত্ব দেওয়া হয়। চিঠি লেখা শেষে বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিমনা শিক্ষক, প্রতিভাবান শিক্ষার্থী ও বিভিন্ন সামাজিক সংগঠনের দায়িত্বশীলদের তা প্রেরণ করা হয়।শিক্ষকদের উদ্দেশ্যে লেখা চিঠির বার্তা ছিল- শ্রদ্ধেয় শিক্ষক,আমাদের সালাম নেবেন। আমাদের আলোকিত যাত্রার পেছনে যাদের অবদান অনস্বীকার্য আপনারাই তাঁরা। আজ চিঠি দিবসে আপনার প্রতি রইল আন্তরিক শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও শুভকামনা। আমাদের আগামীর পথচলায় আপনার একান্ত সহযোগিতা প্রত্যাশা করছি।”এদিকে শিক্ষার্থীদের উদ্দেশ্যে লেখা চিঠির বার্তা ছিল - “প্রিয় ভাই / আপু,আশাকরি ভালো আছেন, সুস্থ আছেন। যারা আমাদের ক্যাম্পাসে কাটানো মুহুর্তগুলো ভীষণ রঙিন করে তুলেছেন আপনি তাদেরই একজন! আজ চিঠি দিবসে আমরা আপনাকে শ্রদ্ধা ও ভালোবাসার সাথে স্মরণ করছি।এ বিষয়ে সংগঠনটির এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে সাদিয়া সাবরিনা বলেন, চিঠি শুধু কাগজে লেখা কিছু শব্দ নয়; চিঠির প্রতিটি অক্ষরের সঙ্গে মিশে থাকে সময়, অনুভূতি আর আন্তরিকতা। চিঠি দিবস উপলক্ষে আমাদের সংগঠনের নবীনদের পক্ষ থেকে শিক্ষক ও শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়া হয়েছে সেই হারিয়ে যেতে বসা অনুভূতির ছোট্ট স্মারক। হয়তো কয়েকটি শব্দই ছিল, কিন্তু তার মাঝে ছিল অনেকটা ভালোবাসা, শ্রদ্ধা ও আপন করে নেওয়ার গল্প। চিঠির মায়া বেঁচে থাকুক। শব্দের মাঝে অনুভূতিগুলোও বেঁচে থাকুক।উল্লেখ্য, প্রতি বছর ১ সেপ্টেম্বর বিশ্বজুড়ে আন্তর্জাতিক চিঠি দিবস পালিত হয়। ডিজিটাল যোগাযোগের যুগে হাতে লেখা চিঠির হারিয়ে যাওয়া ঐতিহ্য ও আবেগ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ২০১৪ সালে অস্ট্রেলীয় লেখক ও আলোকচিত্রী রিচার্ড সিম্পকিন এই দিবসটির প্রচলন করেন।
প্রকাশক: শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক: কাইয়ুম তালুকদার
উপদেষ্টা সম্পাদক: ড. জাহিদ আহমেদ চৌধুরী
জহুরুল ইসলাম সিটি সোসাইটি, হাউস-২, রোড-৬, ব্লক-কে, আফতাবনগর, ঢাকা ১২১২।
কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা