প্রিন্ট এর তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬
জাবিতে নারী নিরাপত্তার দাবিতে পথনাটক প্রদর্শিত
নাফিজ আল জাকারিয়া, জাবি ||
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) নারী নিরাপত্তার প্রতি প্রশাসনের চরম উদাসীনতার প্রতিবাদে মঞ্চস্থ হয়েছে জাহাঙ্গীরনগর থিয়েটার (টিএসসি) প্রযোজিত পথনাটক ‘আনটিল দে অ্যানসার’। আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে নাটকটির প্রথম প্রদর্শনী অনুষ্ঠিত হয়।আয়োজকেরা জানিয়েছেন, আজ রাত ৮টায় ক্যাম্পাসের বটতলায় নাটকটির দ্বিতীয় প্রদর্শনী এবং বুধবার (২ সেপ্টেম্বর) রাত ১০টায় উপাচার্যের বাসভবন প্রাঙ্গণে এর তৃতীয় ও শেষ প্রদর্শনী অনুষ্ঠিত হবে।প্রথম প্রদর্শনী শেষে জাহাঙ্গীরনগর থিয়েটারের (টিএসসি) অর্থ সম্পাদক তানজিম নুসরাত মুনা বলেন, “এই পথনাটকের মূল উদ্দেশ্য হচ্ছে ক্যাম্পাসে সম্প্রতি ঘটে যাওয়া অপরাধগুলোর প্রতিবাদ জানানো। সাধারণ শিক্ষার্থীরা বহুবার আন্দোলন করেছে, যার ফলে সাবেক প্রক্টর পদত্যাগ করেছেন। কিন্তু এতে প্রশাসনের দায়ভার শেষ হয়ে যায় না। আমাদের ক্যাম্পাসে শারমিন হত্যার মতো ঘটনা ঘটেছে, বহিরাগত কর্তৃক এক নারী শিক্ষার্থীকে নাইলনের সুতা পেঁচিয়ে ধর্ষণচেষ্টার মতো ভয়ংকর ঘটনা ঘটেছে। এত বড় ঘটনার পরও প্রশাসন কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি এবং এখনো আসামিকে ধরতে পারেনি।”তিনি ক্ষোভ প্রকাশ করে আরও বলেন, “সিসিটিভি ফুটেজসহ সব প্রমাণ থাকার পরও পুলিশ বা প্রশাসন কাউকে গ্রেপ্তার করতে পারেনি। এত দিন পরও সাধারণ শিক্ষার্থীদের নাওয়া-খাওয়া বাদ দিয়ে রাস্তায় নেমে বিচার চাইতে হচ্ছে এবং পথনাটক করে প্রতিবাদ করতে হচ্ছে, যা আমাদের জন্য লজ্জাজনক। আমাদের পথনাটকটি মূলত প্রশাসনের এই চরম ব্যর্থতা ও অথর্বতাকেই তুলে ধরেছে।”নাটকটির রচয়িতা ও জাহাঙ্গীরনগর থিয়েটারের (টিএসসি) সাধারণ সম্পাদক তপু চন্দ্র বর্মণ বলেন, “ক্যাম্পাসে একের পর এক অপরাধ ঘটছে এবং এরপরই আন্দোলন হচ্ছে। কিন্তু আমি দেখেছি, কোনো ঘটনার পর কিছুদিন আন্দোলন চলার পর নতুন কোনো ইস্যু এলে আগেরটি চাপা পড়ে যায়। আমার নাটকের মাধ্যমে আমি এই বার্তাটিই দেওয়ার চেষ্টা করেছি যে, কোনো সমস্যার চূড়ান্ত সমাধান বা বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়া উচিত।”তিনি আরও বলেন, “আমরা যদি একটি ঘটনার বিচার না পেয়েই অন্য ইস্যুতে ধাবিত হই, তখন প্রশাসনও বিষয়টিকে অবহেলা করার সুযোগ পায় এবং সাধারণ শিক্ষার্থীরাও তা ভুলে যায়। এই অপরাধের চক্র ভাঙতে হলে আমাদের ঐক্যবদ্ধ হয়ে শক্তভাবে দাঁড়াতে হবে। জাহাঙ্গীরনগর থিয়েটার (টিএসসি) সব সময় অন্যায়ের বিপক্ষে ছিল এবং আমরা সাংস্কৃতিক কর্মী হিসেবে আমাদের অবস্থান থেকে প্রতিবাদ জানিয়ে যাব।”
প্রকাশক: শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক: কাইয়ুম তালুকদার
উপদেষ্টা সম্পাদক: ড. জাহিদ আহমেদ চৌধুরী
জহুরুল ইসলাম সিটি সোসাইটি, হাউস-২, রোড-৬, ব্লক-কে, আফতাবনগর, ঢাকা ১২১২।
কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা