প্রিন্ট এর তারিখ : ৩১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬
চবিতে সিট বরাদ্দ নিয়ে প্রভোস্টের সঙ্গে ছাত্রদল নেতার বাকবিতণ্ডা
মো. রাব্বি হোসেন, চবি ||
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সোহরাওয়ার্দী হলে এক শিক্ষার্থীর আসনের মেয়াদ বাড়ানোকে কেন্দ্র করে হলটির প্রভোস্ট অধ্যাপক ড. মো. আব্দুল মান্নানের সঙ্গে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সেক্রেটারি আব্দুল্লাহ আল নোমানের বাকবিতণ্ডার একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।সোমবার (৩১ আগস্ট) ফেসবুকে ছড়িয়ে পড়া ২ মিনিট ৪৬ সেকেন্ডের ওই অডিওতে প্রভোস্ট ও ছাত্রদল নেতার কথোপকথন শোনা যায়।জানা গেছে, চবির সোহরাওয়ার্দী হলে রাশিদুল ইসলাম নামের এক শিক্ষার্থীর আসন বরাদ্দের বিষয়ে প্রভোস্টের সঙ্গে মুঠোফোনে কথা বলেন আব্দুল্লাহ আল নোমান। রাশিদুল ক্যাম্পাসে নোমানের অনুসারী হিসেবে পরিচিত। সম্প্রতি তিনি স্নাতকোত্তর পরীক্ষা শেষ করেছেন।ভাইরাল অডিওতে আব্দুল্লাহ আল নোমানকে প্রভোস্টকে উদ্দেশ করে বলতে শোনা যায়, “আপনি কি বিশ্ববিদ্যালয়ের ভিসি-প্রোভিসির চেয়ে বড়? আপনি শিবিরের ক্যাডারের চেয়েও বড় হয়ে গেছেন। আপনি আমার নেতাকর্মীদের সঙ্গে অনেক মিসবিহেভ করেছেন।”এ বিষয়ে সোহরাওয়ার্দী হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. আব্দুল মান্নান বলেন, ঘটনাটি রোববারের। ওই শিক্ষার্থী এমফিলে ভর্তি হওয়ার কথা জানিয়েছে, তবে এখনো তার ভর্তি সম্পন্ন হয়নি। এমফিলে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হতে প্রায় এক বছর সময় লাগে। এ কারণে তিনি সিট সংক্রান্ত বিষয়ে ওই শিক্ষার্থীকে কোনো সুবিধা দেননি।প্রভোস্ট আরও বলেন, “অভিযুক্ত ছাত্রদল নেতার সঙ্গে আমার ভালো সম্পর্ক রয়েছে। হয়তো সিটপ্রত্যাশী ওই শিক্ষার্থী বিষয়টি নিয়ে তাকে কিছু বলেছে, আর তাতেই তার মাথা গরম হয়ে গেছে। সে যা বলেছে, তা সুন্দর কিছু নয়। তবে সে কী বলেছে, সেটা নিয়ে আমি আর কথা বলতে চাই না। তারা শিক্ষার্থী, আমি শিক্ষক।”তবে এ বিষয়ে জানতে আব্দুল্লাহ আল নোমানকে মুঠোফোনে কয়েকবার কল করা হলেও তিনি বারবার কেটে দেন।
প্রকাশক: শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক: কাইয়ুম তালুকদার
উপদেষ্টা সম্পাদক: ড. জাহিদ আহমেদ চৌধুরী
জহুরুল ইসলাম সিটি সোসাইটি, হাউস-২, রোড-৬, ব্লক-কে, আফতাবনগর, ঢাকা ১২১২।
কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা