প্রিন্ট এর তারিখ : ২৭ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬
ডেপুটি স্পিকারের উদ্যোগে লাগানো ৩৫ গাছের চারা উপড়ে ফেললো দুর্বৃত্তরা
মো: নূর আলম , নেত্রকোনা ||
নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোণা ১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে সড়কের পাশে রোপণ করা ৩৫টি গাছের চারা ও সুরক্ষাবেষ্টনী উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা।গতকাল মঙ্গলবার রাতে উপজেলার কলমাকান্দা-নেত্রকোণা আঞ্চলিক সড়কের বাবনি এলাকায় এই ঘটনা ঘটে।স্থানীয় সূত্র জানায়, পরিবেশের ভারসাম্য রক্ষা ও সড়কের সৌন্দর্য বাড়াতে গত ৫ আগস্ট ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে কলমাকান্দা-নেত্রকোণা আঞ্চলিক সড়কের পাশে পাঁচ শতাধিক ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। এতে উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এর মধ্যে বাবনি এলাকায় রোপণ করা প্রায় ৩৫টি চারা রাতের আঁধারে কে বা কারা উপড়ে ফেলে যায়। আজ বুধবার বিষয়টি স্থানীয়দের নজরে এলে এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। কলমাকান্দা উপজেলা যুবদলের আহ্বায়ক মো. জহিরুল ইসলাম বলেন, মাননীয় ডেপুটি স্পিকারের নির্দেশনায় গত ৫ আগস্ট আমরা এ সড়কের পাশে বৃক্ষরোপণ করেছিলাম। রাতের আঁধারে গাছের চারা ও বেড়া উপড়ে ফেলার ঘটনায় আমরা তীব্র নিন্দা ও ঘৃণা জানাই। তিনি বলেন, একটি মহল মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের জনকল্যাণমূলক উদ্যোগ সহ্য করতে না পেরে এমন ঘটনা ঘটিয়ে থাকতে পারে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান।কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্তের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
প্রকাশক: শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক: কাইয়ুম তালুকদার
উপদেষ্টা সম্পাদক: ড. জাহিদ আহমেদ চৌধুরী
জহুরুল ইসলাম সিটি সোসাইটি, হাউস-২, রোড-৬, ব্লক-কে, আফতাবনগর, ঢাকা ১২১২।
কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা