প্রিন্ট এর তারিখ : ২৪ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬
জাবিতে প্রতিবাদী সাংস্কৃতিক কর্মসূচি ‘ব্রেক দ্য ব্যারিকেড’ অনুষ্ঠিত
নাফিজ আল জাকারিয়া, জাবি ||
নিরাপত্তার দোহাই দিয়ে আবাসিক হলগুলোতে মেয়েদের ওপর অমূলক বিধিনিষেধ চাপিয়ে দেওয়ার প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ‘ব্রেক দ্য ব্যারিকেড’ শীর্ষক প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৩ আগস্ট) রাতে জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।কর্মসূচির অংশ হিসেবে রাত ৯টায় জাহানারা ইমাম হল চত্বরে উন্মুক্ত চলচ্চিত্র (দ্য সার্কেল) প্রদর্শনী, রাত ১১টায় জাহানারা ইমাম হল থেকে কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত সাইকেল ও পদযাত্রা এবং রাত ১২টায় শহীদ মিনার প্রাঙ্গণে প্রতিবাদী গান, আবৃত্তি ও পথনাটক নিয়ে সাংস্কৃতিক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে জাহাঙ্গীরনগর থিয়েটার (অডিটোরিয়াম) ‘জুতা’ নামক একটি পথনাটক পরিবেশন করে।আয়োজনের বিষয়ে জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক শেমন্তি রোদশি বলেন, “জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোট মূলত ব্রেক দ্য ব্যারিকেড নামের এই কর্মসূচির আয়োজন করেছে। সম্প্রতি আমরা দেখলাম, জাহানারা ইমাম হলে একটি নোটিশ এসেছে যে রাত ১১টার পর মেয়েরা হলে ঢুকতে বা বের হতে পারবে না। ক্যাম্পাসের আরও বেশ কয়েকটা হলে একই রকম অবস্থা। ২০২৬ সালে এসে যখন বিশ্ব অনেক দূর এগিয়ে গেছে, তখন কেন এমন বিবৃতি আসবে? নিরাপত্তা দেওয়া প্রশাসন ও সরকারের দায়িত্ব। প্রশাসন যদি নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, তবে কেন তারা হলের শিক্ষার্থীদের বন্দী করবে? নিরাপত্তার নামেই যে রীতিনীতিগুলো চলছে, এগুলো একদমই অমূলক।”সাংস্কৃতিক জোটের সভাপতি প্রমা রাহা বলেন, “চলচ্চিত্র থেকে শুরু করে আমাদের প্রতিটি আয়োজনের মাধ্যমে আমরা সূক্ষ্ম বার্তা দেওয়ার চেষ্টা করেছি। পদযাত্রার প্রধান উদ্দেশ্য ছিল ক্যাম্পাসে মেয়েদের আগের মতো অবাধ বিচরণ ফিরিয়ে আনা। মেয়েদের হলগুলোতে যেভাবে বৈষম্যমূলকভাবে বিধিনিষেধ ও বাউন্ডারি সেট করে দেওয়া হচ্ছে, তা মেনে নেওয়ার মতো নয়। কোনো নীতি নির্ধারণ করতে হলে তা সবার জন্যই প্রযোজ্য হতে হবে; শুধু মেয়েদের হলে কেন তা চাপিয়ে দেওয়া থাকবে? আমরা একা নই, এই বার্তা দিতেই আমাদের এই কর্মসূচি।”জাহাঙ্গীরনগর থিয়েটারের (অডিটোরিয়াম) সাধারণ সম্পাদক রাজীব চক্রবর্তী বলেন, “সংস্কৃতির মূল ভিত্তি হলো মননশীলতা। মানুষ হিসেবে আমাদের চিন্তা ও আচরণে তা প্রকাশ পায়। আজ আমাদের বিশ্ববিদ্যালয়ে বা দেশের যেকোনো ক্ষেত্রে নারীদের নিয়ে একটি গোষ্ঠী বা কাঠামোর ভেতরে এখনো যে ধরনের বদ্ধ মনমানসিকতা কাজ করে, তার বিরুদ্ধে আমরা সর্বদাই সোচ্চার। আমরা চাই, সংস্কৃতির চর্চার মাধ্যমে সবার মধ্যে মানুষের মতো মননশীলতা তৈরি হোক।”সমাবেশে জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটভুক্ত বিভিন্ন সংগঠনের নেতা-কর্মী ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রকাশক: শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক: কাইয়ুম তালুকদার
উপদেষ্টা সম্পাদক: ড. জাহিদ আহমেদ চৌধুরী
জহুরুল ইসলাম সিটি সোসাইটি, হাউস-২, রোড-৬, ব্লক-কে, আফতাবনগর, ঢাকা ১২১২।
কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা