প্রিন্ট এর তারিখ : ০৯ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬
র্যালি-আলোচনায় দুর্গাপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন
মো: নূর আলম , নেত্রকোনা ||
নেত্রকোনার দুর্গাপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে। রোববার (৯ আগস্ট) দুপুরে আদিবাসী ইউনিয়ন দুর্গাপুর উপজেলা কমিটির আয়োজনে এবং বেসরকারি উন্নয়ন সংস্থা দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে)-এর সহযোগিতায় দিবসটি পালিত হয়।দিবসটি উপলক্ষে মণি সিংহ স্মৃতি জাদুঘর চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।পরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন আদিবাসী ইউনিয়ন দুর্গাপুর উপজেলা কমিটির সভাপতি অবনী কান্ত হাজং। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আদিবাসী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ডা. দিবালোক সিংহ।প্রধান অতিথির বক্তব্যে ডা. দিবালোক সিংহ বলেন, ‘আদিবাসীরা প্রতিনিয়ত বৈষম্য, ভূমি দখল ও অধিকার হরণের শিকার হচ্ছেন। তাদের জীবনযাত্রা, সংস্কৃতি ও ভাষা বিভিন্নভাবে অবহেলা এবং হুমকির মুখে পড়ছে।’আদিবাসী জনগোষ্ঠীর নিজস্ব সংস্কৃতি ও ভাষার সুরক্ষা এবং মৌলিক মানবাধিকার নিশ্চিত করতে সরকারের প্রতি তিনি আহ্বান জানান।আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিপিবি জেলা কমিটির সম্পাদক আলকাছ উদ্দিন মীর, সিপিবি দুর্গাপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মোরশেদ আলম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, বাংলাদেশ হাজং ছাত্রসংগঠনের সভাপতি অন্তর হাজং, আদিবাসী নেত্রী পার্বতী রিছিল, লিটন হাজং এবং দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্রের সহকারী পরিচালক শামছুল আলম খান।এ সময় আদিবাসী সম্প্রদায়ের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রকাশক: শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক: কাইয়ুম তালুকদার
উপদেষ্টা সম্পাদক: ড. জাহিদ আহমেদ চৌধুরী
জহুরুল ইসলাম সিটি সোসাইটি, হাউস-২, রোড-৬, ব্লক-কে, আফতাবনগর, ঢাকা ১২১২।
কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা