প্রিন্ট এর তারিখ : ০৬ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬
গাজীপুরে নানা আয়োজনে জুলাই অভ্যুত্থান দিবস পালিত
আবু সাঈদ, গাজীপুর ||
গাজীপুরে যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ ও ‘জুলাই গণহত্যা দিবস-২০২৬’ পালিত হয়েছে। বুধবার (৫ আগস্ট) জেলা প্রশাসনের উদ্যোগে জুলাই শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা এবং শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়।সকাল ৯টায় গাজীপুর মহানগরীর শিববাড়ী মোড়ে অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন শুরু হয়। এ সময় গাজীপুরের জেলা প্রশাসক মো. নুরুল করিম ভূঁইয়ার নেতৃত্বে জেলা প্রশাসনের কর্মকর্তারা, গাজীপুর মহানগর পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদারের নেতৃত্বে মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকারের নেতৃত্বে সিটি কর্পোরেশনের কর্মকর্তারা এবং জেলা পুলিশ সুপার মো. শরীফ উদ্দিনের নেতৃত্বে জেলা পুলিশের কর্মকর্তারা শ্রদ্ধা নিবেদন করেন।পরে বিভিন্ন সরকারি দপ্তর, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের মানুষ পর্যায়ক্রমে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন।শ্রদ্ধা নিবেদন শেষে মহানগরীর বঙ্গতাজ অডিটোরিয়ামে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসক মো. নুরুল করিম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আহমদ হোসেন ভূঁইয়া।অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান এবং গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য সালাউদ্দিন আইয়ুবী। বিশেষ অতিথি ছিলেন গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. তাহেরুল হক চৌহান এবং জেলা পুলিশ সুপার মো. শরীফ উদ্দিন। এছাড়াও জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে জুলাই শহীদ পরিবারের সদস্য, জুলাই যোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে সংবর্ধনা জানানো হয়।আলোচনা পর্বে শহীদ পরিবারের সদস্য, জুলাই যোদ্ধা এবং আমন্ত্রিত অতিথিরা জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি, আত্মত্যাগ ও এর ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন।
প্রকাশক: শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক: কাইয়ুম তালুকদার
উপদেষ্টা সম্পাদক: ড. জাহিদ আহমেদ চৌধুরী
জহুরুল ইসলাম সিটি সোসাইটি, হাউস-২, রোড-৬, ব্লক-কে, আফতাবনগর, ঢাকা ১২১২।
কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা