প্রিন্ট এর তারিখ : ৩১ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩১ জুলাই ২০২৬
এনসিপি ইউকে এলায়েন্স-এর উদ্যোগে ‘প্রবাসে জুলাই জাগরণ’ অনুষ্ঠিত
যুক্তরাজ্য প্রতিবেদক ||
২০২৪ সালের ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে যুক্তরাজ্যে এনসিপি ইউকে অ্যালায়েন্স-এর উদ্যোগে লন্ডনে 'প্রবাসে জুলাই জাগরণ' শীর্ষক এক স্মরণ ও আলোচনা অনুষ্ঠান আয়োজিত হয়েছে। আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, আহত জুলাই যোদ্ধাদের আত্মত্যাগ স্মরণ এবং এই বিপ্লবের চেতনা নতুন প্রজন্মের প্রবাসীদের মাঝে ছড়িয়ে দেওয়াই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য।পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর জুলাই গণঅভ্যুত্থানে নিহত সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ প্রার্থনা ও এক মিনিট নীরবতা পালন করা হয়। এনসিপি ইউকে অ্যালায়েন্স-এর কনভেনর মাকসুদুল হক শাকুর উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন।অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানের ওপর নির্মিত একটি বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। পাশাপাশি বাংলাদেশ থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে শহীদ পরিবারের সদস্য এবং আহত জুলাই যোদ্ধারা তাঁদের অভিজ্ঞতা, স্মৃতি ও আবেগঘন অনুভূতি তুলে ধরেন। অনুষ্ঠানে যুক্তরাজ্য থেকে বাংলাদেশে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ৩০টি পরিবারের জন্য বিশেষ উপহার প্রদানের ঘোষণা দেওয়া হয়।আলোচনা পর্বে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় সদস্য ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ, কানাডার ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলম্বিয়ার ডেভেলপমেন্ট ইকোনমিস্ট ড. খান জাহিরুল ইসলাম, যুক্তরাজ্য ও ইউরোপে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুখপাত্র ব্যারিস্টার ফখরুল ইসলাম এবং রিফর্ম বাংলাদেশ-এর চেয়ারপারসন ব্যারিস্টার আতাউর রহমান।বক্তারা জুলাই বিপ্লবে শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তাঁদের অবদানের কথা স্মরণ করে আন্দোলনের চেতনা ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লন্ডন বাংলা প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি তায়সির মাহমুদ, বাংলাদেশ খেলাফত মজলিসের সেক্রেটারি মুফতি সালেহ, টাওয়ার হ্যামলেটসে ইন্ডিপেনডেন্ট পার্টির মেয়র প্রার্থী ব্যারিস্টার জামি, ব্যারিস্টার হাসান মাহমুদ, মেজর মেহেদী, এনসিপি ইউকে অ্যালায়েন্স-এর জ্যেষ্ঠ নেতৃবৃন্দ ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ।এনসিপি ইউকে অ্যালায়েন্স-এর সদস্য সচিব মো. এম এ হিমেল সমাপনী বক্তব্যের মাধ্যমে সবাইকে ধন্যবাদ জানান। অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে বিপ্লবের গান পরিবেশন করা হয় এবং শেষে আমন্ত্রিত অতিথিদের নৈশভোজে আপ্যায়িত করা হয়।
প্রকাশক: শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক: কাইয়ুম তালুকদার
উপদেষ্টা সম্পাদক: ড. জাহিদ আহমেদ চৌধুরী
জহুরুল ইসলাম সিটি সোসাইটি, হাউস-২, রোড-৬, ব্লক-কে, আফতাবনগর, ঢাকা ১২১২।
কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা