প্রিন্ট এর তারিখ : ৩০ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬
এআই ও গ্রাফিকস ডিজাইন কোর্স চালু করবে জাকসু: জিতু
নাফিজ আল জাকারিয়া, জাবি ||
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শিক্ষার্থীদের দক্ষতা বাড়াতে শিগগিরই কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও গ্রাফিকস ডিজাইনের ওপর বিশেষ কোর্স চালুর ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)। বুধবার (২৯ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে জাকসু ভিপি আবদুর রশিদ জিতু এ ঘোষণা দেন।জাকসু ও অনলাইনভিত্তিক শিক্ষামূলক প্রতিষ্ঠান ‘স্কিলসেরা’র যৌথ উদ্যোগে আয়োজিত ‘বেসিক কম্পিউটার কোর্স’ এ উত্তীর্ণ শিক্ষার্থীদের সনদ বিতরণ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে সমসাময়িক কর্মক্ষেত্রে তথ্যপ্রযুক্তির গুরুত্ব তুলে ধরে আবদুর রশিদ জিতু বলেন, “বর্তমান যুগ হলো এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার যুগ। শিক্ষার্থীরা যদি গ্রাফিকস ডিজাইন এবং এআইয়ের মতো বিষয়গুলো শিখতে পারেন, তবে চাকরির ক্ষেত্রে তারা নিজেদের অনেকটাই দক্ষ হিসেবে গড়ে তুলতে পারবেন এবং ভালো জায়গায় পৌঁছাতে পারবেন। আমরা আশা করছি, খুব শিগগিরই জাকসুর উদ্যোগে গ্রাফিকস ডিজাইন এবং এআই নিয়ে নতুন কোর্স শুরু হবে।”শিক্ষার্থীদের ব্যাপক সাড়ার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, “উচ্চশিক্ষা থেকে শুরু করে চাকরি সব ক্ষেত্রেই কম্পিউটার দক্ষতার বিকল্প নেই। আমরা চার সপ্তাহে আট ঘণ্টাব্যাপী অনলাইনে বেসিক কম্পিউটার কোর্সের আয়োজন করেছিলাম। গুগল ক্লাসরুমের মাধ্যমে হওয়া এই কোর্সে শিক্ষার্থীদের ব্যাপক সাড়া পেয়েছি। শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে আগস্ট মাস থেকে আমরা এ ধরনের আরও কয়েকটি কোর্স চালু করার চেষ্টা করব। শিক্ষার্থীবান্ধব এ ধরনের উদ্যোগে জাকসু সব সময় সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করে যাবে।”আয়োজকেরা জানান, এক মাসব্যাপী চলা এই বেসিক কম্পিউটার কোর্সে ১ হাজার ৭০৮ জন শিক্ষার্থী নিবন্ধন করেছিলেন। নিয়মিত ক্লাস করা প্রায় হাজারখানেক শিক্ষার্থীর মধ্য থেকে চূড়ান্ত বাছাই পরীক্ষায় উত্তীর্ণ ১৪৬ জনকে আজ আনুষ্ঠানিকভাবে সনদ ও শুভেচ্ছা উপহার দেওয়া হয়।সনদ বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জাকসুর শিক্ষা ও গবেষণা সম্পাদক আবু উবায়দা উসামা এবং স্কিলসেরার প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সিফাত আহমেদ বক্তব্য দেন। এ সময় তারা ভবিষ্যতেও শিক্ষার্থীদের জন্য ফ্রিল্যান্সিং ও টাইপিং বিষয়ক বিভিন্ন কোর্স আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন।
প্রকাশক: শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক: কাইয়ুম তালুকদার
উপদেষ্টা সম্পাদক: ড. জাহিদ আহমেদ চৌধুরী
জহুরুল ইসলাম সিটি সোসাইটি, হাউস-২, রোড-৬, ব্লক-কে, আফতাবনগর, ঢাকা ১২১২।
কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা