প্রিন্ট এর তারিখ : ২৬ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬
বাগেরহাটে খাল দখলমুক্ত ও পুনরুদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন।
মুর্শিদুল ইসলাম ইমন খান , বাগেরহাট ||
জেলার দখলকৃত খালসমূহ অবিলম্বে দখলমুক্ত, পুনরুদ্ধার এবং জনস্বার্থে ব্যবহারের দাবিতে বাগেরহাট প্রেস ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।রোববার (২৬ জুলাই) বিকেলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন এক্টিভিস্টা সদস্য শেখ ইমরান।লিখিত বক্তব্যে তিনি বলেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গুরুত্বপূর্ণ উপকূলীয় জেলা বাগেরহাটে প্রায় ৫৪৭টি খাল রয়েছে। একসময় এসব খাল কৃষি সেচ, বর্ষার অতিরিক্ত পানি নিষ্কাশন, মৎস্যসম্পদ সংরক্ষণ এবং নৌ-যোগাযোগের গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে ব্যবহৃত হলেও বর্তমানে অধিকাংশ খাল প্রভাবশালী মহলের অবৈধ দখলের শিকার। কোথাও মাছের ঘের নির্মাণ, কোথাও অবৈধ স্থাপনা এবং কোথাও খালের স্বাভাবিক প্রবাহ বন্ধ করে দেওয়ায় পরিবেশ ও কৃষি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।তিনি জানান, বাগেরহাট পৌরসভার বাদিয়ার খাল, লিয়ার খাল, পুটিমারি খালসহ ষাটগম্বুজ ও ডেমা ইউনিয়নের শতাধিক খাল বর্তমানে দখল ও ভরাটের কারণে অস্তিত্ব সংকটে রয়েছে। সরকারের চলমান খাল পুনঃখনন উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি বলেন, পুনঃখননের পাশাপাশি সরকারি রেকর্ডভুক্ত খালগুলো দখলমুক্ত না করলে এর সুফল জনগণ ভোগ করতে পারবে না।সংবাদ সম্মেলনে বলা হয়, খাল পুনরুদ্ধার হলে কৃষিতে সেচ সুবিধা বৃদ্ধি, জলাবদ্ধতা নিরসন, দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ইতিবাচক ভূমিকা রাখবে। এ দাবিতে দীর্ঘদিন ধরে স্বাক্ষর সংগ্রহ, স্মারকলিপি প্রদান, মানববন্ধনসহ বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি পালন করা হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ করা হয়।বক্তারা সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি দ্রুত দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং খালগুলো জনগণের জন্য উন্মুক্ত করার দাবি জানান। একই সঙ্গে তারা ঘোষণা দেন, দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণ না করা হলে আগামী ২৭ ও ২৮ জুলাই বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের প্রধান সড়কে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করা হবে।সংবাদ সম্মেলনে এক্টিভিস্টা সদস্য মাহফুজ মাঝি, সুমিত ভট্টাচার্য, রবিউল শেখ, আবু হুয়রায়রা শেখ, আবিদা ইসরাত জয়া, সীমা খাতুন, ছাব্বির শেখ, শান্তা খাতুন, সুমায়য়া ইসলাম মিম, অমিত শীলসহ সংগঠনের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
প্রকাশক: শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক: কাইয়ুম তালুকদার
উপদেষ্টা সম্পাদক: ড. জাহিদ আহমেদ চৌধুরী
জহুরুল ইসলাম সিটি সোসাইটি, হাউস-২, রোড-৬, ব্লক-কে, আফতাবনগর, ঢাকা ১২১২।
কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা