প্রিন্ট এর তারিখ : ২৭ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬
সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুর
মুর্শিদুল ইসলাম ইমন খান , বাগেরহাট ||
জেলার বিভিন্ন সরকারি খাল অবৈধ দখলমুক্ত করে জনগণের জন্য উন্মুক্ত করার দাবিতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু করেছে এলাকাবাসী ও সামাজিক সংগঠন অ্যাক্টিভিস্টা বাগেরহাট।রোববার (২৬ জুলাই) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত কর্মসূচির প্রথম দিনের অবস্থান পালন করা হয়। আন্দোলনকারীরা জানান, জেলার অধিকাংশ সরকারি খাল দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যক্তি ও প্রভাবশালী মহলের অবৈধ দখলে রয়েছে। খালে বাঁধ ও পাটা বসিয়ে মাছ চাষ করায় স্বাভাবিক জোয়ার-ভাটার প্রবাহ ব্যাহত হচ্ছে। এতে জলাবদ্ধতা সৃষ্টি, কৃষিজমিতে সেচ সংকট, নৌ-চলাচলে বিঘ্ন, কৃষি উৎপাদন হ্রাস এবং পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে।কর্মসূচি থেকে প্রধান উপদেষ্টা তারেক রহমানের কাছে স্মারকলিপি প্রদানের মাধ্যমে জেলার সরকারি খালগুলো জরুরি ভিত্তিতে দখলমুক্ত করা, অবৈধ দখলদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, খালের সীমানা সংরক্ষণ এবং পুনরায় দখল রোধে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানানো হয়।আন্দোলনকারীদের দাবি, সাতফুলের খাল, ইমামবাড়ী খাল, খুন্তাকাটা খাল, মান্দারতলা খাল, রাম বাবুর খাল, বাদুখালীর খাল, পদ্মবিল-আমতলা খাল ও হোজির খালসহ জেলার বিভিন্ন সরকারি খাল দ্রুত দখলমুক্ত করতে হবে।অ্যাক্টিভিস্টা বাগেরহাটের প্রতিনিধি শেখ ইমরান বলেন, বাগেরহাটের সব প্রবাহমান খাল জনগণের জন্য উন্মুক্ত থাকা উচিত। দীর্ঘদিন ধরে বিভিন্ন দপ্তরে আবেদন জানানো হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। একসময় এসব খাল থেকে মাছ ধরে বহু পরিবার জীবিকা নির্বাহ করলেও বর্তমানে প্রভাবশালীরা পানি নিয়ন্ত্রণ করে মাছ চাষ করছেন। এতে কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং সাধারণ মানুষ ভয়ে প্রতিবাদ করতে পারছেন না।আন্দোলনে অংশ নেওয়া মাহফুজ মাঝি বলেন, শুধু বাগেরহাট সদর নয়, রামপালেও একই চিত্র। ইয়াসিন খাল, ঝনঝনিয়ার খালসহ বিভিন্ন সরকারি খাল দখলমুক্ত করতে হবে। অন্যদিকে পশ্চিম ডাঙ্গা এলাকার বাসিন্দা শেখ মারুফ বলেন, মান্দারতলা খালসহ এলাকার অধিকাংশ খাল দীর্ঘদিন ধরে দখলে থাকায় কৃষি ও চিংড়ি চাষ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।আন্দোলনকারীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের শান্তিপূর্ণ কর্মসূচি অব্যাহত থাকবে।এ বিষয়ে জেলা প্রশাসক গোলাম মো. বাতেন বলেন, সরকারি খাল কোনো ব্যক্তি বা গোষ্ঠীর দখলে থাকার সুযোগ নেই। লিখিত অভিযোগ বা সুনির্দিষ্ট তথ্য পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ বলেন, সরকারি খাল কোনো ব্যক্তি বা গোষ্ঠীর ব্যক্তিগত সম্পত্তি হতে পারে না। কৃষি, পরিবেশ ও জনস্বার্থ রক্ষায় খালগুলো দ্রুত দখলমুক্ত করে স্বাভাবিক জলপ্রবাহ নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
প্রকাশক: শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক: কাইয়ুম তালুকদার
উপদেষ্টা সম্পাদক: ড. জাহিদ আহমেদ চৌধুরী
জহুরুল ইসলাম সিটি সোসাইটি, হাউস-২, রোড-৬, ব্লক-কে, আফতাবনগর, ঢাকা ১২১২।
কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা