প্রিন্ট এর তারিখ : ২২ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬
দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে জনগণের সমর্থন চাইলেন হাসনাত আব্দুল্লাহ
মুর্শিদুল ইসলাম ইমন খান , বাগেরহাট ||
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বাগেরহাটের ফকিরহাটে মহাসমারোহে অনুষ্ঠিত হয়েছে ‘জুলাই পদযাত্রা’ ও পথসভা। দেশজুড়ে সুশাসন প্রতিষ্ঠা ও জুলাই বিপ্লবের চেতনা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে পরিচালিত এই ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (২১ জুলাই) সন্ধ্যা ৭টায় ফকিরহাটের ডাকবাংলা চত্ত্বরে এই পথসভা আয়োজিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এনসিপির মূখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ও কুমিল্লা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি হাসনাত আব্দুল্লাহ বলেন, "দেশের সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে সর্বক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠা, দুর্নীতির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। চারাগাছ রোপণের পর যেমন তার সঠিক যত্ন নিলে তবেই ফল পাওয়া যায়, তেমনি দেড় বছর আগে জন্ম নেওয়া জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) জনগণ সহযোগিতা করলে আমরা দেশের সার্বিক উন্নয়নসহ সব ধরণের দুর্নীতি দূর করতে কার্যকর ভূমিকা রাখব।" তিনি আরও জোর দিয়ে বলেন, ২০২৪-এর জুলাই আন্দোলনের মূল চেতনা বাস্তবায়নের মাধ্যমেই একটি বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। এই রূপকল্প বাস্তবায়নে তিনি সর্বস্তরের জনগণের সক্রিয় সমর্থন ও দোয়া কামনা করেন।পথসভা চলাকালে প্রধান অতিথি হাসনাত আব্দুল্লাহ এমপি আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে বাগেরহাট জেলা এনসিপির সদস্য সচিব লাবিব আহম্মেদকে স্থানীয় জনতার সামনে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেন এবং তাঁর পক্ষে সমর্থন আহ্বান করেন। ফকিরহাট উপজেলা এনসিপির সভাপতি মো. মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই পথসভায় কেন্দ্রীয়, বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আলী হাসান জুনায়েদ, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, জাতীয় নারী শক্তির সদস্য সচিব মাহমুদা মিতু এমপি, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফরিদুল ইসলাম, এনসিপি নেতা মহিউদ্দিন রনি এবং বাগেরহাট জেলা এনসিপির আহ্বায়ক সৈয়দ মোর্শেদ আনোয়ার সোহেলসহ শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।
প্রকাশক: শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক: কাইয়ুম তালুকদার
উপদেষ্টা সম্পাদক: ড. জাহিদ আহমেদ চৌধুরী
জহুরুল ইসলাম সিটি সোসাইটি, হাউস-২, রোড-৬, ব্লক-কে, আফতাবনগর, ঢাকা ১২১২।
কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা