প্রিন্ট এর তারিখ : ২১ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৬
জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় নারীদের ঐক্যবদ্ধ আন্দোলনের ঘোষণা
নিজস্ব প্রতিবেদক ||
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে রাজধানীতে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে নারীদের অংশগ্রহণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভা থেকে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানিয়ে বক্তারা সংসদ ও রাজপথে ঐক্যবদ্ধ আন্দোলনের ঘোষণা দেন।সোমবার বিকেলে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)-এর মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান এমপি। সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের সহকারী সেক্রেটারি মারজিয়া বেগম এমপি। অনুষ্ঠানের উদ্বোধন করেন শিশু শহীদ জাবির ইবরাহিমের মা রোকেয়া বেগম এমপি।সভায় বক্তব্য দেন জামায়াতের মহিলা বিভাগের প্রচার ও মিডিয়া সেক্রেটারি নাজমুন নাহার নিলু এমপি, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ডা. মাহমুদা মিতু এমপি, বাংলাদেশ খেলাফত মজলিসের ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি, লেবার পার্টির যুগ্ম মহাসচিব সাবিনা ইয়াসমিন, ডা. হাবিবা চৌধুরী সুইট, অ্যাডভোকেট মাহবুবা আক্তার, অধ্যাপিকা মোছাম্মাৎ কারিমা খাতুন, আয়েশা সিদ্দিকা পারভীন, সাবিকুন্নাহার তামান্না, শহীদ পরিবারের সদস্য ও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার তাসমিয়া প্রধান বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর জাতীয় ঐকমত্য কমিশনের মাধ্যমে জুলাই সনদ প্রণয়ন এবং গণভোটে জনগণের সমর্থন পাওয়া সত্ত্বেও তা বাস্তবায়নে বিলম্ব করা হচ্ছে। তিনি অভিযোগ করেন, জুলাই সনদের প্রতি প্রথম অঙ্গীকার ভঙ্গ করেছে বিএনপি। সরকারকে উদ্দেশ করে তিনি বলেন, যদি জুলাই সনদকে অবৈধ বলা হয়, তবে সেই ভিত্তিতে গঠিত রাষ্ট্রব্যবস্থার বৈধতাও প্রশ্নবিদ্ধ হবে। তিনি অবিলম্বে সংবিধান সংশোধন কমিটি বাতিল করে সংবিধান সংস্কার পরিষদ গঠনের আহ্বান জানান।সভায় জামায়াতের মহিলা বিভাগের সহকারী সেক্রেটারি সাইদা রুম্মান বলেন, ২০২৪ সালের গণআন্দোলন ছিল একটি বিপ্লব, যার ধারাবাহিকতায় বর্তমান সংসদ ও সরকার গঠিত হয়েছে। তিনি বলেন, জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন না হলে প্রকৃত স্বাধীনতার স্বাদ পাওয়া সম্ভব নয় এবং ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে আবারও আন্দোলনে নামতে হবে।এনসিপির জাতীয় নারী শক্তির আহ্বায়ক মনিরা শারমিন বলেন, জুলাই গণঅভ্যুত্থানসহ অতীতের সব আত্মত্যাগের যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে হবে। তিনি অভিযোগ করেন, সরকার গণভোটের রায় বাস্তবায়নে আন্তরিক নয় এবং নতুন বাংলাদেশ গঠনের লক্ষ্যে রাজনৈতিক ঐক্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।জাতীয় নারী শক্তির সদস্য সচিব ডা. মাহমুদা মিতু এমপি বলেন, জুলাই আন্দোলনে নারী শহীদদের অবদান অনেক সময় উপেক্ষিত হয়। তিনি নারী-পুরুষ নির্বিশেষে সব শহীদকে সমানভাবে স্মরণ ও সম্মান জানানোর আহ্বান জানান।সভাপতির বক্তব্যে মারজিয়া বেগম এমপি বলেন, জুলাই বিপ্লব ছিল বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলন। তিনি বলেন, জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করতে হলে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। এ লক্ষ্য অর্জনে সংসদ ও রাজপথ—উভয় ক্ষেত্রেই ঐক্যবদ্ধভাবে আন্দোলন অব্যাহত থাকবে বলে তিনি জানান।
প্রকাশক: শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক: কাইয়ুম তালুকদার
উপদেষ্টা সম্পাদক: ড. জাহিদ আহমেদ চৌধুরী
জহুরুল ইসলাম সিটি সোসাইটি, হাউস-২, রোড-৬, ব্লক-কে, আফতাবনগর, ঢাকা ১২১২।
কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা