প্রিন্ট এর তারিখ : ২৪ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬
হোয়াইট হাউসের কাছে গোলাগুলি, বন্দুকধারী নিহত
আন্তর্জাতিক ডেস্ক ||
হোয়াইট হাউসের কাছে গোলাগুলির ঘটনা ঘটেছে। স্থানীয় সময় শনিবার (২৩ মে) সন্ধ্যায় এক বন্দুকধারীর সঙ্গে ইউএস সিক্রেট সার্ভিস সদস্যদের গোলাগুলিতে ওই ব্যক্তি নিহত হন।কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, সন্ধ্যা ৬টার পর সন্দেহভাজন ব্যক্তি ওয়াশিংটন ডিসির ১৭তম স্ট্রিট ও পেনসিলভানিয়া অ্যাভিনিউয়ের সংযোগস্থলে থাকা একটি সিক্রেট সার্ভিস চেকপয়েন্টের কাছে পৌঁছান। পরে তিনি ব্যাগ থেকে অস্ত্র বের করে কর্মকর্তাদের লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করেন।এক বিবৃতিতে সিক্রেট সার্ভিস জানিয়েছে, এজেন্টরা তাৎক্ষণিক পাল্টা গুলি চালালে বন্দুকধারী গুলিবিদ্ধ হন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।গুলিবিনিময়ের সময় একজন পথচারীও গুলিবিদ্ধ হন। তবে তিনি বন্দুকধারীর গুলিতে নাকি পাল্টাপাল্টি গুলির সময় আহত হয়েছেন, তা এখনো নিশ্চিত নয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।ঘটনার সময় ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে অবস্থান করছিলেন। ঘটনার পরপরই পুরো এলাকায় কঠোর নিরাপত্তা জারি করে লকডাউন ঘোষণা করা হয়। তবে এ ঘটনায় সিক্রেট সার্ভিসের কোনো সদস্য আহত হননি।এদিকে মার্কিন প্রতিনিধি পরিষদের রিপাবলিকান পার্টির সদস্যরা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট দিয়ে ট্রাম্পের নিরাপদ থাকার বিষয়টি নিশ্চিত করেছেন। প্রতিনিধি পরিষদের রিপাবলিকান নেতা স্টিভ স্ক্যালিস এক পোস্টে লিখেছেন, “আমরা বিপজ্জনক সময়ে বাস করছি।”ঘটনাস্থল থেকে আল জাজিরার সাংবাদিক কিম্বারলি হালকেট জানান, হোয়াইট হাউসের নর্থ লন এলাকায় ৩০টিরও বেশি গুলির শব্দ শোনা গেছে।এর আগে গত ২৬ এপ্রিলও ওয়াশিংটন ডিসির একটি হোটেলে হোয়াইট হাউস সাংবাদিকদের নৈশভোজ চলাকালে গুলির ঘটনা ঘটেছিল। এক মাসের ব্যবধানে নতুন করে এই হামলার ঘটনায় দেশজুড়ে উদ্বেগ তৈরি হয়েছে।
প্রকাশক: শেখ মাহমুদ উজ্জ্বল
সম্পাদক: ড. জাহিদ আহমেদ চৌধুরী
জহুরুল ইসলাম সিটি সোসাইটি, হাউস-২, রোড-৬, ব্লক-কে, আফতাবনগর, ঢাকা ১২১২।
কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা