প্রিন্ট এর তারিখ : ২৪ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬
ইউক্রেনের রাজধানীতে রাশিয়ার ব্যাপক মিসাইল হামলা
আন্তর্জাতিক ডেস্ক ||
কিয়েভ লক্ষ্য করে ব্যাপক মিসাইল হামলা চালিয়েছে রাশিয়া। সম্ভাব্য হামলার বিষয়ে আগে থেকেই সতর্ক করেছিল ইউক্রেন ও যুক্তরাষ্ট্র। এরপর শনিবার রাতে রাজধানীজুড়ে একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা যায়।স্থানীয় সময় শনিবার রাতে ইউক্রেনের বিমানবাহিনী জানায়, রাশিয়া মধ্য-পাল্লার ওরেশনিক ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করছে। হামলার পর কিয়েভজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।কিয়েভের সামরিক প্রশাসক তৈমুর তাকাচেঙ্কো টেলিগ্রামে দেওয়া বার্তায় বলেন, রাজধানী বড় ধরনের মিসাইল হামলার মুখে পড়েছে। তিনি বাসিন্দাদের দ্রুত নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেন।এদিকে কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো জানান, রাজধানীর বিভিন্ন স্থাপনায় মিসাইল আঘাত হেনেছে। বিভিন্ন এলাকা থেকে হতাহত ও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যাচ্ছে।এর আগে শুক্রবার স্টারোব্লিসক এলাকায় একটি কলেজে ড্রোন হামলার ঘটনা ঘটে। রাশিয়ার দাবি, ইউক্রেনীয় বাহিনীর ওই হামলায় অন্তত ১৮ শিশুর মৃত্যু হয়েছে। ভবনের ধ্বংসস্তূপের নিচে আরও কয়েকজন আটকা পড়ে থাকতে পারেন বলে জানিয়েছে রুশ বার্তাসংস্থা তাস।ঘটনার পর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হামলাকে ‘জঙ্গি হামলা’ হিসেবে উল্লেখ করে প্রতিশোধমূলক পাল্টা হামলার নির্দেশ দেন।তবে কলেজে হামলার অভিযোগ অস্বীকার করেছে ইউক্রেনের সেনাবাহিনী। তাদের দাবি, তারা শুধুমাত্র সামরিক অবকাঠামো লক্ষ্য করেই হামলা চালায়। ইউক্রেনীয় বাহিনীর ভাষ্য অনুযায়ী, স্টারোব্লিসকে অবস্থিত ‘রুবিকন’ ইউনিটের সদরদপ্তর ছিল হামলার লক্ষ্যবস্তু।রুবিকন ইউনিটটি ২০২৪ সালে প্রতিষ্ঠিত হয় এবং উন্নত প্রযুক্তির সামরিক ড্রোন উদ্ভাবন ও তৈরির সঙ্গে জড়িত বলে জানা গেছে।
সম্প্রতি ইউক্রেন দূরপাল্লার মিসাইল হামলা বাড়িয়েছে। গত সপ্তাহেও অধিকৃত অঞ্চলের দুটি সামরিক স্থাপনায় হামলা চালানোর দাবি করেছে ইউক্রেনীয় বাহিনী।
প্রকাশক: শেখ মাহমুদ উজ্জ্বল
সম্পাদক: ড. জাহিদ আহমেদ চৌধুরী
জহুরুল ইসলাম সিটি সোসাইটি, হাউস-২, রোড-৬, ব্লক-কে, আফতাবনগর, ঢাকা ১২১২।
কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা