প্রিন্ট এর তারিখ : ২৩ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ মে ২০২৬
ছাত্রদল নেতাসহ ৮ জনের নামে মামলা
নিউজ ডেস্ক ||
ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাদের ওপর হামলা, মারপিট ও ছিনতাইয়ের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার রাতে ঝিনাইদহ সদর থানায় মামলাটি করেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেকুল ইসলাম তারেক রেজা। মামলায় জেলা ছাত্রদলের শীর্ষস্থানীয় ৮ নেতাসহ অজ্ঞাতনামা আরও ১১০ থেকে ১১৫ জনকে আসামি করা হয়েছে।মামলার এজাহারে অভিযুক্তদের মধ্যে রয়েছেন ইসলামী ইউনিভার্সিটি শাখা ছাত্রদলের আহ্বায়ক শাহেদ আহম্মেদ, জেলা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন, সাবেক সভাপতি এসএম সমিনুজ্জামান সমিন, সাধারণ সম্পাদক শাহরিয়ার রাসেল, সাবেক সহ-সভাপতি নয়ন হাওলাদার, পৌর ছাত্রদলের সভাপতি মোবারেক হোসেন ইমন এবং সাবেক যুগ্ম সম্পাদক হাদুসহ মোট আটজন নেতা।এজাহার সূত্রে জানা যায়, শুক্রবার জুমার নামাজ শেষে এনসিপির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারীসহ দলীয় নেতাকর্মীরা শহরের পুরাতন ডিসি কোর্ট জামে মসজিদ থেকে বের হচ্ছিলেন। এ সময় একদল হামলাকারী অতর্কিতভাবে তাদের ওপর হামলা চালায়।অভিযোগে বলা হয়েছে, হামলাকারীরা ঘুষি, ইটপাটকেল, জিআই পাইপ, বেসবল ব্যাট ও ধারালো অস্ত্র ব্যবহার করে নাসীরুদ্দীন পাটওয়ারী, তানাইম, আসিফ, আলামিন, হাসিবুর রহমান, নাহিয়ান খান নিয়াজ ও অয়ন রহমান খানসহ একাধিক নেতাকর্মীকে গুরুতর আহত করে।মামলায় আরও উল্লেখ করা হয়, হামলার সময় আসামিরা একটি সনি আলফা এ৬৪০০ ডিএসএলআর ক্যামেরা, ট্যামরন লেন্স, মেমোরি কার্ড, কয়েকটি মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয়। ছিনতাই হওয়া মালামালের আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ৯০ হাজার টাকা বলে দাবি করা হয়েছে।এ ছাড়া হামলাকারীরা যাওয়ার সময় এনসিপি নেতাকর্মীদের প্রাণনাশের হুমকিও দেয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।ঘটনার বিষয়ে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, এনসিপি নেতাদের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
প্রকাশক: শেখ মাহমুদ উজ্জ্বল
সম্পাদক: ড. জাহিদ আহমেদ চৌধুরী
জহুরুল ইসলাম সিটি সোসাইটি, হাউস-২, রোড-৬, ব্লক-কে, আফতাবনগর, ঢাকা ১২১২।
কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা