প্রিন্ট এর তারিখ : ১৮ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ মে ২০২৬
১৪তম সেঞ্চুরিতে ইতিহাস গড়লেন মুশফিক
স্পোর্টস ডেস্ক ||
মিরপুর টেস্টে সেঞ্চুরির দৌড়টা শেষ পর্যন্ত হাতছাড়া হলেও খুব বেশি অপেক্ষা করতে হয়নি মুশফিকুর রহিমকে। সিলেট টেস্টেই বাংলাদেশের টেস্ট ইতিহাসে নতুন রেকর্ড গড়ে বসলেন অভিজ্ঞ এই ব্যাটার।সোমবার সিলেট টেস্টে সেঞ্চুরি করে বাংলাদেশের হয়ে টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ সেঞ্চুরির মালিক এখন মুশফিকুর রহিম। ৩৯ বছর বয়সী এই সাবেক অধিনায়ক ছাড়িয়ে গেছেন সতীর্থ মমিনুল হককে।এর আগে দুজনই ১৩টি করে টেস্ট সেঞ্চুরি নিয়ে যৌথভাবে শীর্ষে ছিলেন। তবে মুশফিক তার ক্যারিয়ারের ১৪তম সেঞ্চুরি তুলে নিয়ে এককভাবে শীর্ষে উঠে আসেন।রেকর্ড সেঞ্চুরিটি পূর্ণ করেন বাউন্ডারি হাঁকিয়ে। সেঞ্চুরির দ্বারপ্রান্তে পৌঁছাতে প্রয়োজন ছিল মাত্র ১ রান, সেই মুহূর্তে মোহাম্মদ আব্বাসের বলে চার মেরে তিন অঙ্ক স্পর্শ করেন তিনি। যদিও উদযাপনে ছিল না অতিরিক্ত উচ্ছ্বাস।সেঞ্চুরির পর আকাশের দিকে তাকিয়ে দুই হাত তুলে স্বস্তির ভঙ্গিতে উদযাপন করেন মুশফিক। পরে সতীর্থ তাইজুল ইসলামের সঙ্গে জড়িয়ে ধরেন তিনি এবং সিজদার মাধ্যমে কৃতজ্ঞতা প্রকাশ করেন।রেকর্ড গড়ার মুহূর্তে ড্রেসিংরুম ও গ্যালারিতে থাকা সতীর্থ, স্টাফ এবং দর্শকরা দাঁড়িয়ে অভিবাদন জানান এই উইকেটরক্ষক-ব্যাটারকে। এমনকি প্রতিপক্ষ শিবির থেকেও তিনি পান করতালি।ম্যাচের এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৭৮ বলে সেঞ্চুরি করা মুশফিক অপরাজিত ছিলেন ১০৬ রানে। তার সঙ্গে ক্রিজে থাকা তাইজুল ইসলাম ১৯ রানে ব্যাট করছিলেন।সপ্তম উইকেটে তাদের জুটি ইতোমধ্যে ৬৪ রান যোগ করেছে, আর বাংলাদেশ দলের লিড দাঁড়িয়েছে ৩৮২ রানে। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ৩৩৬ রান।
প্রকাশক: শেখ মাহমুদ উজ্জ্বল
সম্পাদক: ড. জাহিদ আহমেদ চৌধুরী
জহুরুল ইসলাম সিটি সোসাইটি, হাউস-২, রোড-৬, ব্লক-কে, আফতাবনগর, ঢাকা ১২১২।
কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা