প্রিন্ট এর তারিখ : ১৮ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ মে ২০২৬
শেয়ার কেলেঙ্কারি তদন্তে সাকিবসহ ১৫ জনের নথি জব্দ দুদকের
স্পোর্টস ডেস্ক ||
পুঁজিবাজারে বহুল আলোচিত ২৫৬ কোটি টাকার শেয়ার কারসাজির ঘটনায় তদন্ত আরও জোরদার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তদন্তের অংশ হিসেবে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) থেকে ক্রিকেটার সাকিব আল হাসানসহ মামলার ১৫ আসামির বিভিন্ন গুরুত্বপূর্ণ নথিপত্র জব্দ করা হয়েছে।দুদক সূত্র জানায়, সম্প্রতি সংস্থাটির তদন্ত কর্মকর্তা বিএসইসিতে গিয়ে শেয়ার কারসাজি সংক্রান্ত তদন্ত প্রতিবেদন, লেনদেনের তথ্য এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করেন। এসব নথি যাচাই-বাছাই করে অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা খতিয়ে দেখা হচ্ছে।গত বছরের জুনে দায়ের করা মামলায় অভিযোগ করা হয়, সাধারণ বিনিয়োগকারীদের আকৃষ্ট করে পরিকল্পিতভাবে শেয়ারদর বাড়িয়ে প্রায় ২৫৬ কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়। মামলায় সাকিব আল হাসানের বিরুদ্ধে প্রায় ২ কোটি ৯৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।তদন্ত সংশ্লিষ্টদের দাবি, আলোচিত কারসাজিকারী আবুল খায়ের হিরুর মাধ্যমে প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, ক্রিস্টাল ইন্স্যুরেন্স এবং সোনালী পেপারসের শেয়ারে বিনিয়োগ করেছিলেন সাকিব। পরে সংঘবদ্ধ চক্রের সঙ্গে যুক্ত হয়ে বাজারে কৃত্রিমভাবে শেয়ারের দাম বাড়ানোর কর্মকাণ্ডে অংশ নেন বলেও মামলায় উল্লেখ করা হয়েছে।এছাড়া বিনিয়োগকারীদের বিভ্রান্ত করে বাজারে অস্বাভাবিক পরিস্থিতি তৈরির অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। একই সঙ্গে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাকিবের আর্থিক লেনদেন ও সম্পদের তথ্যও খতিয়ে দেখছে দুদক।
প্রকাশক: শেখ মাহমুদ উজ্জ্বল
সম্পাদক: ড. জাহিদ আহমেদ চৌধুরী
জহুরুল ইসলাম সিটি সোসাইটি, হাউস-২, রোড-৬, ব্লক-কে, আফতাবনগর, ঢাকা ১২১২।
কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা