প্রিন্ট এর তারিখ : ০২ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ মে ২০২৬
চেন্নাই থেকে ঢাকায় এলো কারিনা কায়সারের মরদেহ
||
ভারতের চেন্নাই থেকে অবশেষে ঢাকায় এসে পৌঁছেছে মডেল, অভিনেত্রী ও জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারের মরদেহ।পারিবারিক সূত্রে জানা গেছে, চেন্নাই থেকে মরদেহ দেশে আনার পর প্রথমে রাজধানীর বনানী ডিওএইচএসে তাঁর নিজ বাসায় রাখা হবে। সেখানে আত্মীয়-স্বজন ও দীর্ঘদিনের সহকর্মীদের শেষ শ্রদ্ধাজ্ঞাপন শেষে বনানী ডিওএইচএস মসজিদে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।এর আগে, গত শুক্রবার (১৫ মে) রাতে ভারতের চেন্নাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন কারিনা কায়সার। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৩১ বছর। তিনি দীর্ঘদিন ধরে লিভারের জটিল রোগে ভুগছিলেন বলে জানা গেছে।কারিনা কায়সারের বাবা কায়সার হামিদ গণমাধ্যমকে জানান, ঢাকার আনুষ্ঠানিকতা ও জানাজা শেষে আগামী সোমবার (১৮ মে) কারিনার মরদেহ মুন্সিগঞ্জের গজারিয়ায় তাঁর নানাবাড়িতে নিয়ে যাওয়া হবে। সেখানেই পারিবারিক কবরস্থানে তাঁকে চিরনিদ্রায় শায়িত করার পরিকল্পনা রয়েছে।কয়েক বছর ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে দারুণ সব জীবনমুখী ও রসাত্মক কনটেন্ট তৈরি করে তরুণ প্রজন্মের কাছে বেশ পরিচিত মুখ হয়ে উঠেছিলেন কারিনা কায়সার। অভিনয়ের জগতেও তাঁর বিচরণ ছিল। তাঁর এই অকাল মৃত্যুতে দেশের বিনোদন অঙ্গন এবং নেটদুনিয়ায় শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী ও ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর আত্মার মাগফিরাত কামনা করে গভীর শোক প্রকাশ করছেন।
প্রকাশক: শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক: কাইয়ুম তালুকদার
উপদেষ্টা সম্পাদক: ড. জাহিদ আহমেদ চৌধুরী
জহুরুল ইসলাম সিটি সোসাইটি, হাউস-২, রোড-৬, ব্লক-কে, আফতাবনগর, ঢাকা ১২১২।
কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা