প্রিন্ট এর তারিখ : ২৯ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ এপ্রিল ২০২৬
সোমেশ্বরীর পানি বৃদ্ধি, তলিয়ে গেছে কাঠের সেতু
মো: নূর আলম , নেত্রকোনা ||
উজানে ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের প্রভাবে নেত্রকোনার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর পানি দ্রুত বাড়তে শুরু করেছে। বুধবার (২৯ এপ্রিল) সকাল থেকে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় নদী পারাপারে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। একই সাথে নদীর তীরবর্তী নিচু এলাকার বোরো ধান নিয়ে বিপাকে পড়েছেন কৃষকরা।স্থানীয় সূত্রে জানা গেছে, ভারতের মেঘালয় প্রদেশে ভারী বৃষ্টিপাতের ফলে সীমান্ত সংলগ্ন বিজয়পুর পয়েন্ট দিয়ে পাহাড়ি ঢল প্রবেশ করছে। ফলে তেরী বাজার-শিবগঞ্জ ঘাট এবং বিরিশিরি-দক্ষিণ ভবানীপুর ঘাটের কাঠের সেতুগুলো পানির নিচে তলিয়ে গেছে। বর্তমানে সাধারণ মানুষ ও যানবাহন অত্যন্ত ঝুঁকি নিয়ে নৌকায় পারাপার হচ্ছে। ইতিমধ্যে পারাপারের সময় বেশ কিছু ছোটখাটো দুর্ঘটনার খবরও পাওয়া গেছে।স্থানীয় বাসিন্দা হাসান মিয়া বলেন, হঠাৎ পানি বাড়ায় সেতুটি তলিয়ে গেছে। এখন বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে নৌকায় পার হতে হচ্ছে।উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে দুর্গাপুরে ১৭ হাজার ৬০৮ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। এর মধ্যে এখন পর্যন্ত মাত্র ১ হাজার ২০০ হেক্টর জমির ধান কাটা হয়েছে। ঢলের পানি আরও বাড়লে মাঠের বিশাল অংশের ফসল তলিয়ে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে।উপজেলা কৃষি কর্মকর্তা নিপা বিশ্বাস জানান, পরিস্থিতি বিবেচনায় কৃষকদের দ্রুত ধান কেটে ঘরে তোলার পরামর্শ দেওয়া হচ্ছে।পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, সোমেশ্বরী নদীর বিজয়পুর ও দুর্গাপুর পয়েন্ট এবং কংশ নদে পানি এখনও বিপৎসীমার নিচে রয়েছে, তবে বৃদ্ধির ধারা অব্যাহত আছে।উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. মিজানুর রহমান বলেন, "বর্তমানে বড় কোনো বন্যা পরিস্থিতি তৈরি না হলেও প্রশাসন সব ধরনের দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত রয়েছে। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি এবং কৃষকদের আগাম সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছি।"
প্রকাশক: শেখ মাহমুদ উজ্জ্বল
সম্পাদক: ড. জাহিদ আহমেদ চৌধুরী
জহুরুল ইসলাম সিটি সোসাইটি, হাউস-২, রোড-৬, ব্লক-কে, আফতাবনগর, ঢাকা ১২১২।
কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা